ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৬ আসনের প্রাথমিক ফলাফলে ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন।
কামরুন্নেছা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের ৩৩, ৩৪ ও ৩৫ নম্বর কেন্দ্রের ভোট গণনার পর দেখা গেছে, তিনি মোট ২ হাজার ৮০০ ভোট পেয়ে জয়ের পথে রয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ১ হাজার ৯৩৬ ভোট। এর ফলে এই তিনটি কেন্দ্রে ইশরাক হোসেন তার প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৮৬৪ ভোটের ব্যবধানে এগিয়ে আছেন।
কেন্দ্রভিত্তিক তথ্য বিশ্লেষণে দেখা গেছে, ৩৪ নম্বর কেন্দ্রে মোট ১ হাজার ৮৮৮টি ভোটের মধ্যে ইশরাক হোসেন একাই পেয়েছেন ১ হাজার ৮৭ ভোট, যেখানে মান্নান পেয়েছেন ৭২৫ ভোট। একই কেন্দ্রে জাতীয় গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৫১৫টি এবং ‘না’ ভোট ৩১৫টি।
৩৩ নম্বর কেন্দ্রে ধানের শীষ প্রতীকের জয় একইভাবে স্পষ্ট। এখানে মোট ১ হাজার ৪৮১টি ভোটের মধ্যে ইশরাক হোসেন পেয়েছেন ৮১২ ভোট, আর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মান্নান পেয়েছেন ৬১৬ ভোট। এই কেন্দ্রে গণভোটের ফলাফলে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ হাজার ৩৩টি এবং ‘না’ ভোট ৪১৫টি।
৩৫ নম্বর কেন্দ্রে প্রাপ্ত ফলাফলে ধানের শীষ প্রতীকে ৯০১ ভোট এবং দাঁড়িপাল্লা প্রতীকে ৫৯৫ ভোট পড়েছে। এই কেন্দ্রের গণভোটে ‘হ্যাঁ’ ভোট হয়েছে ১ হাজার ৬১টি এবং ‘না’ ভোট ৪৩১টি।
এই প্রাথমিক ফলাফলের ভিত্তিতে দেখা যাচ্ছে, ধানের শীষ প্রতীকের প্রার্থী ইশরাক হোসেন ঢাকা-৬ আসনে প্রাথমিকভাবে জয়ের পথে রয়েছেন এবং সামগ্রিক প্রতিদ্বন্দ্বিতা এখন পর্যন্ত তার পক্ষেই ঝুঁকে রয়েছে।



























