বেলালউদ্দিন ইস্যুতে জামায়াতের প্রতিক্রিয়া
Published : ১৩:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৬
সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ নগদ অর্থসহ ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলালউদ্দিনকে আটকের ঘটনাকে ‘ভুয়া নিউজ’ বলে দাবি করেছে জামায়াতে ইসলামী। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, বিষয়টি উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকরভাবে উপস্থাপন করা হচ্ছে।
বুধবার (১১ ফেব্রুয়ারি) জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি এহসানুল মাহবুব জুবায়ের এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এই দাবি করেন। তিনি বলেন, বেলালউদ্দিন ওই অঞ্চলের নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হওয়ায় বিভিন্ন জায়গায় যাতায়াত করছিলেন। সে সময় তার সঙ্গে কিছু টাকা থাকা অত্যন্ত স্বাভাবিক বিষয়, এতে অস্বাভাবিক কিছু নেই বলেও মন্তব্য করেন তিনি।
এর আগে দুপুর আনুমানিক ১২টার দিকে সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে বেলালউদ্দিনকে আটক করে। নীলফামারীর পুলিশ সুপার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, তার কাছ থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল আলম সংবাদমাধ্যমকে বলেন, প্রায় ৫০ লাখ টাকা উদ্ধারসহ বেলালউদ্দিনকে আটক করা হয়েছে এবং উদ্ধারকৃত অর্থের সঠিক পরিমাণ নির্ধারণে বর্তমানে টাকা গণনার কাজ চলছে।
আটকের পর বেলালউদ্দিন দাবি করেছেন, উদ্ধার হওয়া এই অর্থ তিনি ব্যক্তিগত ও ব্যবসায়িক প্রয়োজনে বহন করছিলেন। পুলিশ জানিয়েছে, পুরো বিষয়টি তদন্তাধীন রয়েছে এবং যাচাই-বাছাই শেষে তার বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান আছে।
এই ঘটনায় এলাকায় নানা আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনার সব দিক খতিয়ে দেখে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
বিডি/এএন



























