ক্ষমতায় গেলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন প্রাধান্য পাবে: তারেক রহমান
Published : ১১:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী নির্বাচনে বিএনপি সরকার গঠন করতে পারলে সবার আগে গুরুত্ব দেওয়া হবে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে, যাতে সাধারণ মানুষ নিজ নিজ এলাকায় নিরাপদে বসবাস করতে পারেন।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাইস্কুল কেন্দ্রে ভোট প্রদান শেষে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ৯টা ৩৬ মিনিটে কেন্দ্রে প্রবেশ করে ভোট দেন তারেক রহমান। ভোট শেষে ৯টা ৫০ মিনিটে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন তিনি। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান।
ভোটাধিকার প্রয়োগ শেষে দীর্ঘদিন পর নির্বাচনে অংশ নিতে পেরে সন্তোষ প্রকাশ করেন বিএনপি চেয়ারম্যান। একই সঙ্গে তিনি জানান, দলের জয়ের ব্যাপারে তিনি দৃঢ় আশাবাদী।
সাংবাদিকদের উদ্দেশে তারেক রহমান বলেন, গত এক যুগেরও বেশি সময় ধরে দেশের মানুষ একটি গ্রহণযোগ্য নির্বাচনের অপেক্ষায় ছিলেন। তিনি আশা প্রকাশ করেন, জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটকেন্দ্রে এসে তাদের অধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা করবেন।
সারাদেশে আগের রাতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে তিনি জানান, আইনশৃঙ্খলা বাহিনী সেসব পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে এনেছে—যা তার কাছে আশাব্যঞ্জক বলে মনে হয়েছে।
ভোটারদের পাশাপাশি দলীয় নেতাকর্মীদের শেষ মুহূর্ত পর্যন্ত কেন্দ্রে থাকার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, মানুষ যদি সারাদিন ভোটকেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করেন, তাহলে ইনশাআল্লাহ যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করা সম্ভব হবে।
নির্বাচনের ফলাফল নিয়ে নিজের অবস্থান তুলে ধরে তিনি বলেন, “আমি ইনশাআল্লাহ আশাবাদী—জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী।”
বিএনপি ক্ষমতায় এলে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতিকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, সাধারণ মানুষ যেন নিরাপদ অনুভব করেন, সেটিই হবে নতুন সরকারের প্রধান লক্ষ্য।
এ ছাড়া নারীর অংশগ্রহণ ও ক্ষমতায়নের ওপর গুরুত্ব আরোপ করে তারেক রহমান বলেন, দেশের মোট জনসংখ্যার প্রায় অর্ধেক নারী। তাদের পিছিয়ে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন সম্ভব নয়। বিএনপির নির্বাচনী ইশতেহার অনুযায়ী নারীর মর্যাদা ও ক্ষমতায়নের কার্যক্রম সরকার গঠনের প্রথম দিন থেকেই শুরু করা হবে।
সবশেষে সবাইকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, স্থিতিশীল ও গণতান্ত্রিক ভবিষ্যৎ গড়ার প্রত্যাশা ব্যক্ত করে বক্তব্য শেষ করেন বিএনপির চেয়ারম্যান।
বিডি/এএন





























