টাঙ্গাইলে ভোট দিয়ে আত্মবিশ্বাসী বিএনপির টুকু

টাঙ্গাইলে ভোট দিয়ে আত্মবিশ্বাসী বিএনপির টুকু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১০:৫৭, ১২ ফেব্রুয়ারি ২০২৬

শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে টাঙ্গাইলে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টায় ভোটগ্রহণ কার্যক্রম শুরু হয়, যা কোনো বিরতি ছাড়াই চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। সকাল থেকেই জেলার বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ছিল।

টাঙ্গাইল শহরের বিন্দুবাসিনী সরকারি বালক উচ্চ বিদ্যালয় ও মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রসহ একাধিক কেন্দ্র ঘুরে দেখা গেছে, ভোটাররা সারিবদ্ধভাবে লাইনে দাঁড়িয়ে শান্তিপূর্ণভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রতিটি কেন্দ্রেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের কঠোর নজরদারি ও তৎপরতা লক্ষ্য করা গেছে।

এদিকে টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপির প্রচার সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকু সকাল ৮টায় শহরের বেতকা মুন্সিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট প্রদান করেন।

ভোট শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টুকু বলেন, দীর্ঘ সতের বছর পর ভোট দিতে পেরে মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করছি। জয়ের বিষয়ে আমি শতভাগ আশাবাদী। বাকিটা আল্লাহ রব্বুল আলামিনের ওপর ছেড়ে দিলাম। মানুষের সঙ্গে যেভাবে মিশেছি এবং তারা যেভাবে আমাদের ওপর আস্থা রেখেছেন, তাতে আমার বিশ্বাস আমি ভালো ফল পাব।

তিনি আরও বলেন, অনেকেই নানা কথা বলে, অপপ্রচার চালায়, ষড়যন্ত্র করে। কিন্তু আমি কখনো কারও বিরুদ্ধে কথা বলিনি, ভবিষ্যতেও বলব না। আমি কাজ দিয়ে এগোতে চাই। ইনশাআল্লাহ, সেই কাজের মাধ্যমেই মানুষের মন জয় করতে পেরেছি বলে বিশ্বাস করি। ভোটের মাধ্যমেই টাঙ্গাইল সদরের জনগণ তার জবাব দেবে।

জামায়াতে ইসলামী প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তারা ইতোমধ্যেই গুপ্ত সংগঠন হিসেবে পরিচিতি পেয়েছে। স্বাধীনতাবিরোধী ও গণতন্ত্রবিরোধী শক্তি কখনোই গণতন্ত্র চায় না। দেশের মানুষ তাদের প্রত্যাখ্যান করে গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে স্বাধীনতার পক্ষের সব শক্তি ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধ থাকবে—এটাই স্বাভাবিক।

আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি জানান, এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। দিনের শুরুটা ভালো হয়েছে, কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। শান্তিপূর্ণভাবেই ভোটগ্রহণ চলছে।

জেলার আটটি সংসদীয় আসনে এবারের নির্বাচনে মোট ৪৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। টাঙ্গাইল জেলায় মোট ভোটারের সংখ্যা ৩৩ লাখ ৩৪ হাজার ৪০০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১৬ লাখ ৭১ হাজার ৬৩০ জন, নারী ভোটার ১৬ লাখ ৬২ হাজার ৭৭২ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ২৫ জন।

জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক শরীফা হক জানান, জেলার সর্বত্র উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ চলছে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে ৬৮ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১২ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোতায়েন করা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, পুলিশ ও র‌্যাবসহ পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মাঠে দায়িত্ব পালন করছেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement