ঝিনাইদহ-১ সংসদীয় আসনে বিপুল ব্যবধানে জয় পেয়েছেন বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান। মঙ্গলবার (১২ ফেব্রুয়ারি) ভোট গণনা শেষে বেসরকারিভাবে এ ফলাফল জানা যায়।
নির্বাচন সংশ্লিষ্ট সূত্রের তথ্য অনুযায়ী, আসনটিতে মোট ১১৭টি কেন্দ্রের সবকটির ভোট গণনা সম্পন্ন হয়েছে। এতে মো. আসাদুজ্জামান পেয়েছেন মোট ১ লাখ ৭১ হাজার ৫৯৮ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবু সালেহ মো. মতিয়ার রহমান পেয়েছেন ৫৫ হাজার ৫৭৭ ভোট। ফলে ১ লাখ ১৬ হাজার ২১ ভোটের বড় ব্যবধানে বেসরকারিভাবে জয়ী হন ধানের শীষের এই প্রার্থী।
এদিকে নির্বাচন কমিশন সূত্র জানিয়েছে, শেরপুর-৩ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর মৃত্যুতে ওই আসনের ভোট স্থগিত থাকায় এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাকি ২৯৯টি আসনে ভোট অনুষ্ঠিত হয়েছে। এসব আসনে মোট ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পান।
ভোটারদের মধ্যে পুরুষ ছিলেন ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন এবং নারী ভোটার ছিলেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন। সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি ভোটকেন্দ্রে ভোটগ্রহণ হয়। এবারের নির্বাচনে অংশ নেয় মোট ৫০টি রাজনৈতিক দল। প্রতিদ্বন্দ্বিতা করেন ২ হাজার ২৮ জন প্রার্থী—এর মধ্যে ১ হাজার ৭৫৫ জন দলীয় এবং ২৭৩ জন স্বতন্ত্র প্রার্থী।



























