বগুড়ায় তারেক রহমানের নিরঙ্কুশ বিজয়ের আভাস

বগুড়ায় তারেক রহমানের নিরঙ্কুশ বিজয়ের আভাস ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:১৬, ১২ ফেব্রুয়ারি ২০২৬

দেশজুড়ে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনের সঙ্গে ইতিহাসে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে গণভোটও।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ও নিরবচ্ছিন্নভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোটগ্রহণ শেষে এখন সারাদেশে চলছে ভোট গণনার কার্যক্রম।

ইতোমধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে গণনা শেষে প্রাথমিক ফলাফল আসতে শুরু করেছে। প্রাপ্ত সর্বশেষ তথ্যে দেখা যাচ্ছে, বগুড়া-৬ (সদর) আসনে বিএনপির চেয়ারম্যান ও ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান নিরঙ্কুশ জয়ের পথে এগিয়ে রয়েছেন।

এই আসনের ৪১টি কেন্দ্রের প্রাথমিক ফলাফলে বড় ব্যবধানে এগিয়ে আছেন তিনি। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে রয়েছেন জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী আবিদুর রহমান সোহেল।

প্রাথমিক ফল অনুযায়ী, ৪১টি কেন্দ্র থেকে তারেক রহমান পেয়েছেন মোট ৫৬ হাজার ৩৮১ ভোট। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী আবিদুর রহমান সোহেল পেয়েছেন ২৪ হাজার ৫৩৮ ভোট।

কেন্দ্রভিত্তিক ফলাফলে দেখা যায়, সবচেয়ে বেশি ভোট পড়েছে মাটিডালী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। সেখানে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৯৫১ ভোট, আর আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৯৯ ভোট। এরুলিয়া ইউনিয়ন পরিষদ ভবন কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৮৩৪ ভোট, বিপরীতে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ১ হাজার ৪ ভোট।

এছাড়াও সেউজগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৭০ ভোট (আবিদুর রহমান ৪২৩), বুজুর্গধামা কেন্দ্রে ১ হাজার ৭১৮ ভোট (আবিদুর রহমান ৮৮৩), মেঘাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১ হাজার ৫৭১ ভোট (আবিদুর রহমান ৬৬০) এবং সরকারি মোস্তফাবিয়া আলিয়া মাদ্রাসা কেন্দ্রে তারেক রহমান পেয়েছেন ১ হাজার ৫৪১ ভোট, যেখানে আবিদুর রহমান সোহেল পেয়েছেন ৭৬৫ ভোট।

এদিকে ঠনঠনিয়া নুরুন আলা নূর ফাজিল মাদ্রাসার দুটি কেন্দ্রেও বড় ব্যবধানে এগিয়ে রয়েছেন ধানের শীষ প্রতীকের প্রার্থী তারেক রহমান। বাকি কেন্দ্রগুলোর ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গে আসনের চূড়ান্ত চিত্র আরও স্পষ্ট হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট নির্বাচন কর্মকর্তারা।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement