রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাটওয়ারী
Published : ২২:৩২, ১২ ফেব্রুয়ারি ২০২৬
দেশজুড়ে বহুল প্রতীক্ষিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। একই সঙ্গে দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত হয় গণভোট।
উৎসবমুখর পরিবেশে বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে একটানা ভোটগ্রহণ চলে। বর্তমানে চলছে ভোট গণনার কার্যক্রম।
এরই মধ্যে বিভিন্ন ভোটকেন্দ্র থেকে গণনা শেষে ফলাফল আসতে শুরু করেছে। সর্বশেষ পাওয়া তথ্য অনুযায়ী, হাড্ডাহাড্ডি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে ঢাকা-৮ আসনে ১১ দলীয় জোটের প্রার্থী নাসীরউদ্দীন পাটওয়ারীকে পেছনে ফেলে উল্লেখযোগ্য ব্যবধানে এগিয়ে গেছেন বিএনপি প্রার্থী মির্জা আব্বাস।
তবে এই আসনের ছয়টি কেন্দ্রের ফলাফল নিয়ে অনিয়মের অভিযোগ তুলে ঢাকা বিভাগীয় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গেছেন শাপলা কলি প্রতীকের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী।
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) রাত পৌনে ৮টার দিকে তিনি ঢাকা বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা শরফ উদ্দিন আহমদ চৌধুরীর সঙ্গে সাক্ষাৎ করতে যান।
জামায়াত জোট মনোনীত প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর সঙ্গে থাকা তার প্রধান নির্বাচনি এজেন্ট শাহিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
শাহিন আহমেদ জানান, সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়, মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ইস্কাটন বালক উচ্চ বিদ্যালয়, পল্টনের পরিবার পরিকল্পনা কেন্দ্র, মাহবুব আলী ইন্সটিটিউট ও মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে অনিয়ম হচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
তার দাবি, মির্জা আব্বাস কলেজ কেন্দ্রে বেশি ভোট পাওয়ার পরও পুনরায় ভোট গণনার নামে এজেন্টদের আটকে রাখা হয়েছে।
তিনি আরও বলেন, এসব কেন্দ্রে তিন দফা ভোট গণনার পরও এজেন্টদের আটকে রেখে বাতিল ভোট যুক্ত করে ফল পরিবর্তনের চেষ্টা চলছে। কয়েকটি কেন্দ্র থেকে এমন খবর পাওয়া গেছে এবং আরও কিছু কেন্দ্রে একই ধরনের পরিস্থিতির তথ্য আসছে। যেসব কেন্দ্রে তারা এগিয়ে ছিলেন, সেসব কেন্দ্রের ফলাফল ঘোষণা বিলম্বিত করা হচ্ছে। এসব অভিযোগ জানাতেই নাসীরুদ্দীন পাটওয়ারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসেছেন।
বিডি/এএন



























