প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেবেন ইশরাক, দুপুরে সংবাদ সম্মেলন

প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেবেন ইশরাক, দুপুরে সংবাদ সম্মেলন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৩:০৬, ১৯ অক্টোবর ২০২৬

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেওয়ার আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে পদত্যাগপত্র জমা দেবেন ইশরাক হোসেন। এরপর দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেবেন তিনি। ইশরাকের ঘনিষ্ঠ একটি সূত্র গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছে।

সূত্রের বরাতে জানা গেছে, ইশরাক হোসেনের পদত্যাগপত্র প্রস্তুত রয়েছে। দুপুরে প্রধানমন্ত্রীর কাছে সেটি জমা দেওয়ার পর জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিকদের মুখোমুখি হবেন তিনি।

এর আগে সোমবার সকালে নিজের ফেসবুক পোস্টে ইশরাক পদত্যাগের ঘোষণা দেওয়ার কথা জানান। তিনি লেখেন, ‘আজ দুপুর ২টায় জাতীয় প্রেস ক্লাবে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগের চূড়ান্ত ঘোষণা দেব এবং সাংবাদিকদের মুখোমুখি হব, ইনশাআল্লাহ।’

ফেসবুকে পদত্যাগ নিয়ে উচ্ছ্বাস প্রকাশকারীদের প্রতিও নিজের আক্ষেপের কথা জানান ইশরাক। তিনি লেখেন, ‘ফেসবুকে কিছু সুশীল মানুষকে উল্লাসসূচক লেখালেখি করতে দেখলাম। আশা করি, ভবিষ্যতে কখনো আন্দোলন-সংগ্রামের প্রয়োজন হলে তারা জাতীয়তাবাদী আদর্শে অনুপ্রাণিত হয়ে বিদেশ থেকে দেশে এসে সেই আন্দোলনে যোগ দেবেন।’

পদত্যাগের পরও মাদকের বিরুদ্ধে কাজ চালিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন ইশরাক। তিনি জানান, এবার সংসদ সদস্য বা প্রতিমন্ত্রী হিসেবে নয়, বিএনপির একজন কর্মী হিসেবে মাদকের বিরুদ্ধে আরও বেশি উদ্দীপনা নিয়ে কাজ করবেন। পাশাপাশি পরিচ্ছন্নতা কর্মসূচি জোরদার করা এবং দেশব্যাপী প্রজন্ম দলের সাংগঠনিক শক্তি বাড়াতে বিভিন্ন জেলা সফরের কথাও উল্লেখ করেন তিনি।

নিজের অবস্থান তুলে ধরে ইশরাক লেখেন, ‘মন্ত্রী নয়, মাদক নির্মূল! মাদক নির্মূল, মাদক নির্মূল!’

শেয়ার করুনঃ
Advertisement