গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘বেস্ট এন্টারপ্রেনার’ সম্মাননা পেলেন আফরোজা হক

গ্লোবাল স্টার অ্যাওয়ার্ডে ‘বেস্ট এন্টারপ্রেনার’ সম্মাননা পেলেন আফরোজা হক

হ্নদয় খান

Published : ০০:২৪, ২৯ জুলাই ২০২৬

স্বপ্ন, পরিশ্রম ও অধ্যবসায়ের অনন্য দৃষ্টান্ত স্থাপন করে সফল উদ্যোক্তা হিসেবে নিজের অবস্থান সুদৃঢ় করেছেন আফরোজা হক। সেই সাফল্যের স্বীকৃতিস্বরূপ গ্লোবাল স্টার অ্যাওয়ার্ড ২০২৬-এ তিনি ‘বেস্ট এন্টারপ্রেনার’ সম্মাননায় ভূষিত হয়েছেন।

শুক্রবার (২৫ জুলাই) আয়োজিত জমকালো অনুষ্ঠানে তাঁর হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এর আগে চলতি বছরের মার্চ মাসে বাইফা অ্যাওয়ার্ড-এও উদ্যোক্তা হিসেবে সম্মাননা অর্জন করেন তিনি।

মাত্র দুই লাখ টাকা পুঁজি নিয়ে ২০১৮ সালে রাজধানীর পুলিশ প্লাজা থেকে ব্যবসায়িক যাত্রা শুরু করেন আফরোজা হক। দীর্ঘ আট বছরের নিরলস পরিশ্রম, ধৈর্য ও আত্মবিশ্বাসের মাধ্যমে সেই ছোট উদ্যোগ আজ একটি সফল প্রতিষ্ঠানে পরিণত হয়েছে। বর্তমানে তিনি ঢাকায় দুটি শপ পরিচালনার পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও ব্যবসা সম্প্রসারণ করেছেন।

শরীয়তপুরে জন্ম নেওয়া আফরোজা হক ঢাকায় বেড়ে ওঠেন। তিনি ইডেন মহিলা কলেজ থেকে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করার পাশাপাশি হোটেল ম্যানেজমেন্টেও পড়াশোনা করেছেন। উদ্যোক্তা হওয়ার আগে প্রায় পাঁচ বছর রেডিসন-এ কর্মরত থেকে কর্পোরেট অভিজ্ঞতা অর্জন করেন।

ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি নারীর অর্থনৈতিক ক্ষমতায়নেও কাজ করতে চান আফরোজা হক। তাঁর লক্ষ্য দেশের বিভিন্ন শহরে ব্যবসার কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি এমন একটি কর্মপরিবেশ গড়ে তোলা, যেখানে নারীরা স্বাধীনভাবে কাজ করার সুযোগ পাবেন এবং আত্মনির্ভরশীল হয়ে উঠতে পারবেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় আফরোজা হক বলেন, “এই সম্মাননা আমাকে আরও দায়িত্বশীল করেছে। আমি বিশ্বাস করি, পরিশ্রম, ধৈর্য এবং নিজের কাজের প্রতি ভালোবাসা থাকলে যেকোনো স্বপ্নই বাস্তবে রূপ দেওয়া সম্ভব।”

নতুন উদ্যোক্তাদের উদ্দেশে তিনি বলেন, “ব্যবসার শুরুতে নানা প্রতিবন্ধকতা আসবে। কিন্তু কখনো হাল ছাড়া যাবে না। প্রতিটি অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সামনে এগিয়ে যেতে হবে। সাফল্য একদিনে আসে না; ধারাবাহিক প্রচেষ্টা, আত্মবিশ্বাস ও নিষ্ঠাই একজন উদ্যোক্তার সবচেয়ে বড় শক্তি।”

দুই লাখ টাকার ক্ষুদ্র উদ্যোগ থেকে সফল ব্যবসায়িক প্রতিষ্ঠানে পৌঁছানোর আফরোজা হকের এই যাত্রা নতুন প্রজন্মের উদ্যোক্তাদের জন্য এক অনুপ্রেরণার গল্প। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তাঁর নেতৃত্বে প্রতিষ্ঠানটি আরও সাফল্যের উচ্চতায় পৌঁছাবে এবং দেশ ও সমাজের উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

 
শেয়ার করুনঃ
Advertisement