জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬ পেলেন ক্রাফটিমেশনের ফারজানা ইসলাম মৌরি
Published : ০২:২২, ২৯ নভেম্বর ২০২৬
জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার ২০২৬-এ ‘বর্ষসেরা মাইক্রো উদ্যোক্তা (নারী)’ ক্যাটাগরিতে সম্মাননা অর্জন করেছেন ক্রাফটিমেশনের ফাউন্ডার ও সিইও ফারজানা ইসলাম মৌরি। সম্প্রতি রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলায় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাত থেকে তিনি এ পুরস্কার গ্রহণ করেন।
নিজের উদ্যোক্তা জীবনের এই অর্জনকে দেশের নারী উদ্যোক্তাদের জন্য অনুপ্রেরণার উৎস হিসেবে উল্লেখ করেছেন ফারজানা ইসলাম মৌরি। তিনি বলেন, এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়; বরং দেশের নারী উদ্যোক্তাদের এগিয়ে যাওয়ার পথে এক অনন্য অনুপ্রেরণা। পরিশ্রম, মেধা, সৃজনশীলতা ও উদ্যোগী মানসিকতার জাতীয় স্বীকৃতি তাঁকে আরও বড় পরিসরে কাজ করার উৎসাহ জোগাবে।
পুরস্কার অর্জনের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে মৌরি বলেন, প্রধানমন্ত্রীর হাত থেকে এমন সম্মাননা গ্রহণ করা তাঁর জন্য অত্যন্ত আনন্দ ও গর্বের। এই স্বীকৃতি তাঁর ব্যবসায়িক যাত্রায় নতুন দায়িত্ববোধ তৈরি করেছে। একই সঙ্গে এসএমই খাতের উদ্যোক্তাদের কাজের মূল্যায়ন ও উৎসাহিত করার এ উদ্যোগের জন্য সংশ্লিষ্ট সবার প্রতিও কৃতজ্ঞতা জানান তিনি।
মাত্র ৩ হাজার টাকা পুঁজি নিয়ে ২০২০ সালে যাত্রা শুরু করা ক্রাফটিমেশন বর্তমানে দেশীয় কারুশিল্প, রিকশা আর্ট, মেটাল মিনিয়েচার, থ্রিডি সিরামিক মগ, কাঠের ক্ষুদ্রাকৃতি ও কাস্টমাইজড উপহারসহ ৫০০টির বেশি পণ্য তৈরি করছে। প্রতিষ্ঠানটির মাসিক গড় বিক্রি প্রায় ১৫ লাখ টাকা। ব্যক্তিগত উপহার তৈরির ছোট উদ্যোগ থেকে ক্রাফটিমেশন এখন বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠানের জন্যও পণ্য ও স্মারক তৈরি করছে।
ফারজানা ইসলাম মৌরির উদ্যোক্তা হয়ে ওঠার পেছনে রয়েছে সৃজনশীলতা, নতুন পণ্য উদ্ভাবন এবং নানা প্রতিকূলতা মোকাবিলার অভিজ্ঞতা। ২০২৪ সালে ভারী বৃষ্টি ও জলাবদ্ধতায় প্রায় ২০ লাখ টাকার পণ্য নষ্ট হলেও পরিবারের সহযোগিতা নিয়ে আবার ব্যবসা দাঁড় করান তিনি। পরবর্তী সময়ে এসএমই মেলায় অংশগ্রহণ, নতুন ক্রেতা তৈরি এবং করপোরেট অর্ডার পাওয়ার মাধ্যমে ব্যবসার পরিধি বাড়তে থাকে।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে মৌরি জানান, বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতিকে ধারণ করা দেশীয় কারুশিল্প আন্তর্জাতিক বাজারে তুলে ধরতে চান তিনি। বর্তমানে তাঁর প্রতিষ্ঠানের পণ্য কানাডা, অস্ট্রেলিয়া ও যুক্তরাজ্যের ক্রেতাদের কাছে পৌঁছাচ্ছে তৃতীয় পক্ষের মাধ্যমে। আগামী দিনে নিজস্ব ব্যবস্থাপনায় সরাসরি রপ্তানি শুরু করার পরিকল্পনা রয়েছে।
পাশাপাশি উৎপাদন সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় শিল্পী ও কারিগরদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতে কাজ করতে চান তিনি। দীর্ঘমেয়াদে এক হাজার মানুষের কর্মসংস্থান তৈরির লক্ষ্য রয়েছে তাঁর। নতুন উদ্যোক্তাদের জন্যও তাঁর পরামর্শ, ব্যবসা শুরুর আগে বাজার, প্রতিযোগিতা, উৎপাদন ব্যয় ও সম্ভাব্য ক্রেতা সম্পর্কে জেনে অন্তত দুই থেকে পাঁচ বছরের পরিকল্পনা নিয়ে এগিয়ে আসা উচিত।
ফারজানা ইসলাম মৌরি বলেন, তাঁর প্রত্যাশা, ভবিষ্যতে আরও বড় অর্জনের মাধ্যমে দেশের উদ্যোক্তা অঙ্গনকে সমৃদ্ধ করতে পারবেন। ‘মেড ইন বাংলাদেশ’ পরিচয়ে দেশীয় কারুশিল্পকে আন্তর্জাতিক পর্যায়ে প্রতিষ্ঠা করা এবং নারী উদ্যোক্তাদের জন্য নতুন সম্ভাবনার পথ তৈরি করাই তাঁর অন্যতম লক্ষ্য।


































