‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ইয়ার ২০২৬’ সম্মাননায় আপ্লুত সাব্বির নাসির
Published : ১৪:০১, ২৪ নভেম্বর ২০২৬
‘‘সিইও–ম্যানেজিং ডিরেক্টর অফ দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা অর্জনে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশের অন্যতম বৃহৎ রিটেইল চেইন স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির নাসির। এই স্বীকৃতির জন্য বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম, সম্মানিত জুরিবৃন্দ ও আয়োজকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি।
এক প্রতিক্রিয়ায় সাব্বির নাসির বলেন, এই পুরস্কার তাঁর জন্য আনন্দের পাশাপাশি বিনয়েরও। ২০০৬ সালে অটবি লিমিটেডের সিইও হিসেবে যোগ দেওয়ার সময় তিনি দেশের সর্বকনিষ্ঠ সিইও ছিলেন উল্লেখ করে তিনি বলেন, দীর্ঘ পথচলায় সময়ের সঙ্গে তাঁর বাহ্যিক পরিবর্তন এলেও মানুষ তাঁকে এখনো সেই তরুণ স্বপ্নবাজ হিসেবেই দেখতে ভালোবাসে।
তিনি বলেন, একটি পুরস্কারে হয়তো একজনের নাম লেখা থাকে, কিন্তু এর পেছনে থাকে অসংখ্য মানুষের শ্রম, ত্যাগ, বিশ্বাস ও ভালোবাসা। এ স্বীকৃতির জন্য তিনি স্বপ্ন পরিবারের সদস্য, শেয়ারহোল্ডার, সরবরাহকারী, ফ্র্যাঞ্চাইজি, ব্যবসায়িক অংশীদার এবং ক্রেতাদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সাব্বির নাসিরের মতে, স্বপ্ন কেবল একটি বড় ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে তোলার স্বপ্ন নয়; বরং একটি মানবিক, অন্তর্ভুক্তিমূলক ও মর্যাদাপূর্ণ সমাজ প্রতিষ্ঠার প্রত্যয়। প্রতিষ্ঠানটির দায়িত্ব সমাজের প্রান্তিক জনগোষ্ঠী, নারীর অর্থনৈতিক স্বাধীনতা, কৃষক এবং বিভিন্নভাবে পিছিয়ে থাকা মানুষের সম্ভাবনা বিকাশের প্রতিও রয়েছে।
তিনি বিশেষভাবে আদিবাসী ও ক্ষুদ্র নৃগোষ্ঠী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, অটিজম স্পেকট্রামে থাকা ব্যক্তি এবং কৃষক পরিবারের স্বপ্নবাজ তরুণ শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। তাঁর মতে, সমাজের প্রচলিত দৃষ্টিভঙ্গির আড়ালে অনেক মানুষের অসীম সম্ভাবনা থেকে যায়, যা বিকাশের সুযোগ করে দেওয়া জরুরি।
নেতৃত্বের মূল্যবোধ প্রসঙ্গে তিনি বলেন, স্বপ্ন-এর ‘ভ্যালু ট্রি’-তে প্রোথিত নেতৃত্বের নীতিমালা চিন্তা, সিদ্ধান্ত ও আচরণে ধারণ করতে হবে—বিশেষ করে কঠিন সময়ে। তাঁর ভাষায়, সাফল্য যেন বিনয় কেড়ে না নেয়, ক্ষমতা যেন সহমর্মিতা নষ্ট না করে এবং স্বীকৃতি যেন মানুষের সেবা করার আকাঙ্ক্ষাকে দুর্বল না করে।
তিনি আরও বলেন, নেতৃত্বের সার্থকতা নিজে কতটা উচ্চতায় পৌঁছানো গেল, তার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং কতজন মানুষকে সঙ্গে নিয়ে এগিয়ে যাওয়া সম্ভব হলো, সেটিই গুরুত্বপূর্ণ। যখন কোনো প্রতিষ্ঠানের অগ্রগতি প্রান্তিক মানুষের মুখে হাসি ফোটাবে, পরিবারে আত্মবিশ্বাস ফিরিয়ে দেবে, কৃষকের জীবনে সচ্ছলতা আনবে এবং উপেক্ষিত মানুষের সম্ভাবনার দুয়ার খুলে দেবে, তখনই সেই সাফল্য পূর্ণতা পাবে।
সাব্বির নাসির বলেন, পুরস্কার অতীতের অর্জনকে উদ্যাপন করে, আর মূল্যবোধ ভবিষ্যতের পথ নির্ধারণ করে। সম্মিলিত স্বপ্ন ও মানবিক মূল্যবোধকে ধারণ করে স্বপ্ন -এর পথচলা অব্যাহত রাখার প্রত্যয়ও ব্যক্ত করেন তিনি।
তাঁর প্রত্যাশা, স্বপ্ন-এর স্বপ্ন হয়ে উঠবে সবার স্বপ্ন—যেখানে ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি গুরুত্ব পাবে মানুষের মর্যাদা, সম্ভাবনা ও কল্যাণ।


































