সাংবাদিকতায় ২৩ বছরের সংগ্রামের স্বীকৃতি, ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন মাহমুদ সোহেল

সাংবাদিকতায় ২৩ বছরের সংগ্রামের স্বীকৃতি, ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন মাহমুদ সোহেল মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)।

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:৪২, ১ সেপ্টেম্বর ২০২৬

পরিবেশ সুরক্ষায় জনসচেতনতা তৈরিতে গণমাধ্যমে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ পাচ্ছেন গাজী টেলিভিশনের (GTV) বার্তা সম্পাদক ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির তথ্যপ্রযুক্তি ও প্রশিক্ষণ সম্পাদক মো. মাহমুদুর রহমান (মাহমুদ সোহেল)।

আগামী ২ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে আয়োজিত অনুষ্ঠানে তাঁর হাতে এ সম্মাননা তুলে দেওয়া হবে।

পরিবেশবাদী সংগঠন সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এ বছর তিনটি প্রতিষ্ঠান ও চার বিশিষ্ট নাগরিককে ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যক্তি পর্যায়ে সাংবাদিকতার মাধ্যমে পরিবেশ বিষয়ে জনসচেতনতা তৈরিতে বিশেষ অবদানের জন্য মাহমুদ সোহেলকে নির্বাচিত করা হয়েছে।

প্রায় ২৩ বছরের সাংবাদিকতা জীবনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস রিপোর্টিংয়ের মাধ্যমে পেশাগত যাত্রা শুরু করেন মাহমুদ সোহেল। দীর্ঘ এই সময়ে রেডিও, টেলিভিশন, সংবাদপত্র, অনলাইন ও ডিজিটাল—গণমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে কাজের অভিজ্ঞতা অর্জন করেছেন তিনি।

তিনি দিগন্ত টেলিভিশন, এসএটিভি, এটিএন নিউজ ও আজকের পত্রিকায় সিনিয়র রিপোর্টার হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি দেশ টিভির অনলাইন ইনচার্জ এবং জিটিভির ডিজিটাল বিভাগের প্রধান হিসেবেও দায়িত্ব পালন করেন। এর আগে জিটিভিতে বিশেষ প্রতিনিধি হিসেবে কাজ করেছেন তিনি। বর্তমানে জিটিভির বার্তা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

সহকর্মীদের মতে, মাহমুদ সোহেল একজন দক্ষ সাংবাদিকের পাশাপাশি দায়িত্বশীল সংগঠক ও নেতৃত্বদানের সক্ষমতাসম্পন্ন পেশাজীবী। দীর্ঘ কর্মজীবনে তাঁর নিষ্ঠা, দায়িত্ববোধ এবং সহকর্মীদের সহযোগিতা করার মানসিকতা প্রশংসিত হয়েছে।

তাঁর সাংবাদিকতা জীবনের পথচলা সবসময় সহজ ছিল না। বিভিন্ন অনুসন্ধানী ও দুর্নীতিবিষয়ক প্রতিবেদন প্রকাশের কারণে পেশাগত জীবনে নানা ধরনের চাপ ও আইনি জটিলতার মুখোমুখি হওয়ার কথা জানিয়েছেন তিনি। এসব প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকতার পেশাগত নীতি ও বস্তুনিষ্ঠতার প্রতি অঙ্গীকার ধরে রাখার চেষ্টা করেছেন বলে জানান মাহমুদ সোহেল।

দিগন্ত টেলিভিশনের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ার পর তাঁকে কঠিন সময়ের মধ্য দিয়ে যেতে হয়। বেকারত্ব ও পারিবারিক সংকটের সেই সময়ে অসুস্থ মায়ের চিকিৎসা ও দেখাশোনা নিয়েও তাঁকে নানা প্রতিকূলতার মুখোমুখি হতে হয়। পরবর্তীতে কর্মজীবনে ফিরলেও তাঁর মা আর সুস্থ হয়ে তাঁর কাছে ফিরে আসতে পারেননি।

দীর্ঘ এই প্রতিকূলতার মধ্যেও সাংবাদিকতা থেকে সরে না গিয়ে পেশাগত দায়িত্ব পালন করে গেছেন মাহমুদ সোহেল। নতুন দায়িত্ব গ্রহণের পাশাপাশি ‘গ্রিনম্যান অ্যাওয়ার্ড-২৬’ প্রাপ্তি তাঁর দীর্ঘ সাংবাদিকতা জীবনে নতুন একটি স্বীকৃতি হিসেবে যুক্ত হচ্ছে।

আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের দ্বিতীয় তলার জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে সবুজ আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে মাহমুদ সোহেলসহ নির্বাচিতদের হাতে সম্মাননা তুলে দেওয়া হবে।

অনুষ্ঠানে ‘বিদ্যুৎ ঘাটতি নিরসনে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার নিশ্চিত করতে করণীয়’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আহসান।

বিশেষজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে অর্থনীতিবিদ ড. খন্দকার গোলাম মোয়াজ্জেম, পরিবেশবিদ ড. আহমেদ কামরুজ্জামান মজুমদার, অর্থনীতিবিদ ড. মাহফুজ কবির, নগর পরিকল্পনাবিদ মেহেদী আহসান, ড. আদিল মুহাম্মদ খান ও ড. ফরহাদুর রেজাসহ বিশিষ্টজনদের।

 

 
শেয়ার করুনঃ
Advertisement