ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না: বাংলাদেশ ব্যাংক

ইসলামী ব্যাংক নিয়ে রাজনীতি করতে দেয়া হবে না: বাংলাদেশ ব্যাংক ছবি : সংগৃহীত

বিজনেস ডেইলি ডেক্স

Published : ১৪:২৭, ২২ জুন ২০২৬

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিকে কেন্দ্র করে কোনো ধরনের রাজনৈতিক প্রভাব বা কার্যক্রম মেনে নেওয়া হবে না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। একই সঙ্গে ব্যাংকটির জন্য দ্রুত সৎ, যোগ্য ও গ্রহণযোগ্য পরিচালনা পর্ষদ গঠনের আশ্বাস দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার (২২ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের অন্যতম বৃহৎ এই ব্যাংক ক্ষতিগ্রস্ত হলে তার নেতিবাচক প্রভাব পুরো ব্যাংকিং খাতে পড়তে পারে। এ কারণে ইসলামী ব্যাংকের স্থিতিশীলতা ও সুশাসন নিশ্চিত করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এর আগে সকালে বাংলাদেশ ব্যাংকের প্রধান ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের সদস্যরা। এ সময় তারা ব্যাংকটির চেয়ারম্যান ও পরিচালনা পর্ষদ পুনর্গঠনের দাবি জানান।

আন্দোলনকারীদের দাবি, ইসলামী ব্যাংকের নতুন পরিচালনা পর্ষদে এস আলম গ্রুপের সঙ্গে সম্পৃক্ত কোনো ব্যক্তিকে রাখা যাবে না। পাশাপাশি ২০১৭ সালের আগে ব্যাংকটির মালিকানার সঙ্গে যুক্ত ব্যক্তিদের পুনর্বহালেরও আহ্বান জানান তারা।

বিক্ষোভকারীরা ২৪ ঘণ্টার মধ্যে নতুন পরিচালনা পর্ষদ গঠনের দাবি জানিয়ে বলেন, দাবি পূরণ না হলে তারা পরবর্তী কর্মসূচি ঘোষণা করবেন।

উল্লেখ্য, গত ১৬ জুন ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরাম কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের কাছে স্মারকলিপি দিয়ে দ্রুত নতুন পরিচালনা পর্ষদ গঠন এবং এস আলম গ্রুপের মালিকানাধীন শেয়ার আগের মালিকদের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানায়।

এর আগে, গত ১ জুন থেকে সদ্যবিদায়ী চেয়ারম্যান খোরশেদ আলমের পদত্যাগের দাবিতে আন্দোলন শুরু হয়। পরবর্তীতে ১৩ জুন বাংলাদেশ ব্যাংক ইসলামী ব্যাংকের চেয়ারম্যানসহ পুরো পরিচালনা পর্ষদ ভেঙে দেয় এবং ব্যাংকটির সার্বিক দায়িত্ব বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ জহির হোসেনের কাছে ন্যস্ত করে।

শেয়ার করুনঃ
Advertisement