কৃষকের সামগ্রিক উন্নয়নে কাজ করছে সরকার: সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন
Published : ১১:২৬, ২৫ এপ্রিল ২০২৬
সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ. জেড. এম. জাহিদ হোসেন বলেছেন, বর্তমান সরকার কৃষকদের সামগ্রিক উন্নয়ন নিশ্চিত করতে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
শুক্রবার বিকেলে বিরামপুর উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি প্রণোদনার বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, সরকার শুধুমাত্র ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড বা কৃষিঋণ মওকুফের মধ্যেই সীমাবদ্ধ নেই; বরং কৃষকের সার্বিক উন্নয়নে বহুমুখী উদ্যোগ গ্রহণ করেছে। এসব কর্মসূচি যাতে সঠিকভাবে কৃষকের কাছে পৌঁছায় এবং তারা তাদের অধিকার সম্পর্কে সচেতন হয়, সে বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, কৃষকরা যদি প্রণোদনার সুবিধা যথাযথভাবে পায় এবং উৎপাদন বৃদ্ধি করতে পারে, তাহলে তাদের আর্থিক অবস্থার উন্নতি হবে। এর ফলে পরিবার, গ্রাম ও ইউনিয়ন পর্যায়ে অর্থনৈতিক স্বাবলম্বিতা গড়ে উঠবে।
মন্ত্রী উল্লেখ করেন, বৈশ্বিক নানা চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও দেশের কৃষি খাতকে সুরক্ষিত রাখতে সরকার কাজ করে যাচ্ছে।
অনুষ্ঠানে ২০ জন কৃষকের মাঝে মুগ ডালের বীজ ও সার এবং ৫ জন কৃষকের মাঝে মৌবক্স বিতরণ করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিনা খাতুন এবং উপজেলা কৃষি কর্মকর্তা কমল কৃষ্ণ রায়সহ স্থানীয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।



































