ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে দৈনন্দিন খাদ্যতালিকায় কিছু পরিচিত ঘরোয়া মসলা যোগ করলে তা অনেক ক্ষেত্রেই উপকার বয়ে আনতে পারে। নিয়মিত ব্যবহারে এসব মসলা রক্তে শর্করার ভারসাম্য বজায় রাখতে সহায়ক ভূমিকা রাখে।
বাংলা দৈনিক আনন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমান ব্যস্ত জীবনযাপন, অনিয়মিত ঘুম এবং অতিরিক্ত মানসিক চাপের কারণে অনেকেরই রক্তে শর্করার মাত্রা দ্রুত ওঠানামা করে। এতে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখা আরও কঠিন হয়ে পড়ে।
এই পরিস্থিতিতে নিয়মিত শরীরচর্চার পাশাপাশি আদা, মেথি ও দারুচিনির মতো মসলার ব্যবহার বেশ কার্যকর হতে পারে। আদা শরীরে ইনসুলিনের কার্যকারিতা বাড়াতে সহায়তা করে এবং প্রদাহ কমায়, ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।
মেথি ভিজিয়ে সেই পানি পান করা বা রান্নায় মেথি ব্যবহার করলে তা সরাসরি রক্তে শর্করার মাত্রা কমাতে ভূমিকা রাখে। অন্যদিকে দারুচিনির গুঁড়া ইনসুলিন হরমোনকে আরও সক্রিয় করে তোলে, যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে ইতিবাচক প্রভাব ফেলে।
এ ছাড়া অ্যান্টি-অক্সিড্যান্টসমৃদ্ধ জয়িত্রী এবং হলুদে থাকা কারকিউমিন উপাদান ডায়াবেটিক রোগীদের জন্য বিশেষভাবে উপকারী বলে মনে করেন বিশেষজ্ঞরা।
প্রতিদিনের খাদ্যাভ্যাসে এই ছোট পরিবর্তনগুলো আনতে পারলে এবং সচেতন জীবনযাপন বজায় রাখলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি এড়িয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণে রেখে সুস্থ জীবনযাপন করা অনেকটাই সহজ হয়ে উঠতে পারে।
































