ঢাকা–১৭ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এস এম খালিদুজ্জামানকে কেন্দ্র করে ক্যান্টনমেন্ট এলাকায় ধারণ করা একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আবার ছড়িয়ে পড়েছে।
তবে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) জানিয়েছে, এই ঘটনা অনেক আগেই সমাধান হয়ে গেছে এবং বিষয়টি বর্তমানে মীমাংসিত।
আইএসপিআরের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী সাংবাদিকদের জানান, ভিডিওতে যা দেখানো হয়েছে তা গত মাসের ৬ তারিখে ধারণ করা হয়েছিল এবং সংশ্লিষ্ট প্রার্থী দুঃখ প্রকাশ করার পর বিষয়টি আর এগোয়নি। সম্প্রতি ভিডিওটি আবার ছড়িয়ে পড়ায় সামাজিক মাধ্যমে বিভিন্ন মন্তব্য, ব্যাখ্যা ও সমালোচনা দেখা গেছে।
আইএসপিআরের পক্ষ থেকে জানানো হয়েছে, ঘটনার কয়েক দিনের মধ্যেই সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে ভুল বোঝাবুঝি দূর করা হয়েছিল। ডা. খালিদুজ্জামানও উল্লেখ করেছেন, ভিডিওটি পুরনো এবং ক্যান্টনমেন্ট এলাকায় প্রবেশ সংক্রান্ত একটি ভুল বোঝাবুঝির কারণে সৃষ্টি হয়েছে।
তিনি বলেন, “বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্বশীল সদস্যদের সঙ্গে একটি অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি হয়েছিল, যা থেকে কিছু মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছিল। বিষয়টি ইতোমধ্যে সমাধান হয়েছে। তবুও কিছু স্বার্থান্বেষী ব্যক্তি এই মীমাংসিত বিষয়কে আবার বিতর্কিত করার চেষ্টা করছে।”
তিনি আরও যোগ করেছেন, “আমি দুঃখ প্রকাশ করছি এবং ভবিষ্যতে এমন ভুল বোঝাবুঝি যেন আর না ঘটে সে বিষয়ে সচেষ্ট থাকব, ইনশাআল্লাহ।”
































