দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর-এ অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি দুর্বল হয়ে বর্তমানে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন মধ্য বঙ্গোপসাগর এলাকায় একটি সাধারণ লঘুচাপে পরিণত হয়েছে।
আবহাওয়া বিশ্লেষণে বলা হয়েছে, এটি উত্তর-পূর্ব দিকে অগ্রসর হতে পারে। এদিকে উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে বিহার ও আশপাশের এলাকায় অবস্থান করছে। এমন পরিস্থিতিতে দেশের দুই বিভাগে বজ্রসহ বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে, খুলনা ও রাজশাহী বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
দেশের অন্যান্য অঞ্চলে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ দেখা গেলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে, তবে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাস অনুযায়ী, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
অন্যত্র আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ থাকতে পারে, তবে আবহাওয়া সামগ্রিকভাবে শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। এদিন রাত ও দিনের তাপমাত্রা উভয়ই সামান্য কমতে পারে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার জন্য জানানো হয়েছে, আকাশ আংশিক মেঘলা থাকতে পারে এবং দেশের সার্বিক আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত ও দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এদিন রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে, তবে দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।































