প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন

প্রধানমন্ত্রীর হাত ধরে ১০ মার্চ ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:২৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আগামী ১০ মার্চ ‘ফ্যামিলি কার্ড’ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) প্রধানমন্ত্রীর প্রেস উইং এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে। জানানো হয়, সরকারের অগ্রাধিকারমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচি হিসেবে এই উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে।

প্রেস উইংয়ের বার্তায় উল্লেখ করা হয়, প্রাথমিক পর্যায়ে দেশের ১৩টি জেলায় পরীক্ষামূলকভাবে একটি করে ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হবে। পরবর্তীতে পর্যায়ক্রমে এটি বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

ফ্যামিলি কার্ড কর্মসূচি ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র অন্যতম নির্বাচনী অঙ্গীকার। সরকার গঠনের পরপরই এ প্রতিশ্রুতি বাস্তবায়নে দ্রুত উদ্যোগ নেওয়া হয় এবং বিষয়টি অগ্রাধিকার তালিকায় রাখা হয়।

এর আগে ঈদের আগেই হতদরিদ্র ও নিম্ন আয়ের মানুষের হাতে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার লক্ষ্যে গত ১৯ ফেব্রুয়ারি একটি মন্ত্রিসভা কমিটি গঠন করে সরকার। এ-সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়, প্রান্তিক ও স্বল্প আয়ের পরিবারগুলোর সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে ‘ফ্যামিলি কার্ড প্রদানসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি’ গঠন করা হয়েছে।

এই কমিটির সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরীকে। তার নেতৃত্বে গঠিত কমিটিতে মোট ১৪ জন সদস্য রয়েছেন।

কমিটির সদস্যদের মধ্যে আছেন সমাজকল্যাণমন্ত্রী ডা. এ জেড এম জাহিদ হোসেন, উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী, সমাজকল্যাণ প্রতিমন্ত্রী, উপদেষ্টা মাহদী আমিন, উপদেষ্টা রেহান আসিফ আসাদ, মন্ত্রিপরিষদ সচিব, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, নির্বাচন কমিশন সচিব, অর্থ সচিব, তথ্য সচিব, স্থানীয় সরকার সচিব, পরিকল্পনা সচিব এবং সমাজকল্যাণ সচিব।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement