ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশ

ইরান ছাড়তে ভারতীয় নাগরিকদের জরুরি নির্দেশ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৩৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান যুদ্ধাবস্থার আশঙ্কার প্রেক্ষাপটে ইরান-এ অবস্থানরত সব ভারতীয় নাগরিককে দ্রুত দেশত্যাগের নির্দেশ দিয়েছে ভারত সরকার।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ইরানে অবস্থিত ভারতীয় দূতাবাস এক জরুরি সতর্কবার্তা জারি করে। এতে শিক্ষার্থী, তীর্থযাত্রী, ব্যবসায়ী, পর্যটকসহ সেখানে থাকা সকল ভারতীয় নাগরিককে যেকোনো উপলব্ধ পরিবহন ব্যবস্থার মাধ্যমে, বিশেষ করে বাণিজ্যিক ফ্লাইট ব্যবহার করে, দ্রুত ইরান ত্যাগের পরামর্শ দেওয়া হয়।

দূতাবাসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, ২০২৬ সালের ৫ জানুয়ারি জারি করা পূর্ববর্তী নির্দেশনার ধারাবাহিকতা বজায় রেখেই এবং ইরানের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ ছাড়া ১৪ জানুয়ারি দেওয়া আরেকটি সতর্কবার্তাও পুনরায় স্মরণ করিয়ে দেওয়া হয়েছে। সেখানে বলা হয়, ইরানে অবস্থানরত ভারতীয় নাগরিক ও ভারতীয় বংশোদ্ভূতদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। বিশেষ করে যেসব এলাকায় বিক্ষোভ বা প্রতিবাদ কর্মসূচি চলছে, সেসব স্থান এড়িয়ে চলতে এবং ভারতীয় দূতাবাসের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে বলা হয়েছে।

নির্দেশনায় আরও বলা হয়, পাসপোর্ট, পরিচয়পত্রসহ সব গুরুত্বপূর্ণ ভ্রমণসংক্রান্ত কাগজপত্র সব সময় নিজের কাছে রাখতে হবে। সম্ভাব্য জরুরি পরিস্থিতি মোকাবিলায় সহায়তার জন্য দূতাবাস একাধিক হেল্পলাইন নম্বর ও ই-মেইল ঠিকানাও প্রকাশ করেছে।

এই সতর্কবার্তা এমন সময়ে জারি হলো, যখন ইরানে টানা দ্বিতীয় দিনের মতো শিক্ষার্থীদের বিক্ষোভ অব্যাহত রয়েছে। একই সময়ে তেহরান ও ওয়াশিংটনের মধ্যে পরমাণু চুক্তি নিয়ে আলোচনা চলমান। ডোনাল্ড ট্রাম্প এর আগে ইরানকে সতর্ক করে বলেছেন, নির্দিষ্ট সময়ের মধ্যে সমঝোতায় না পৌঁছালে পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করতে পারে।

এদিকে ওমানের পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, আগামী ২৬ ফেব্রুয়ারি জেনেভা-য় দুই দেশের মধ্যে পরবর্তী দফার বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সূত্র: টাইমস অব ইন্ডিয়া

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement