যারা ইসলামের নাম ব্যবহার করে ধর্মকে পুঁজি করে ব্যবসা করতে চায়, তাদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর বায়তুল মোকাররম-এর উত্তর গেটে আয়োজিত ইসলামী বইমেলা-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। এ সময় তিনি আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন ঘোষণা করেন এবং এর সার্বিক সাফল্য কামনা করেন।
ধর্মমন্ত্রী বলেন, আল্লাহর নির্দেশনা মেনে চলা ছাড়া মানুষের জন্য অন্য কোনো পথ নেই। আল্লাহর বিধান অনুসরণ না করলে পৃথিবীতে প্রকৃত শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়।
ইসলামিক ফাউন্ডেশন যে ভূমিকা পালন করছে, তা প্রশংসনীয় বলেও তিনি উল্লেখ করেন। তিনি বলেন, ফাউন্ডেশন থেকে প্রকাশিত ইসলামি গ্রন্থগুলো পাঠের মাধ্যমে মানুষ ইসলাম সম্পর্কে গভীর ও সঠিক ধারণা লাভ করতে পারবে।
তিনি আরও বলেন, অতীতে যারা অন্যায়-অবিচার করেছে, তাদের অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। অত্যাচার ও জুলুমের সঙ্গে জড়িতদের কোনো রকম ছাড় দেওয়া হবে না।
একই সঙ্গে যারা ইসলামের নাম ব্যবহার করে ব্যক্তিস্বার্থে ধর্মকে ব্যবসার হাতিয়ার বানাতে চায়, তাদের কোথাও জায়গা দেওয়া হবে না বলেও তিনি কঠোর বার্তা দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন, ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক ছালাম খানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।































