ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের শিলিগুড়ি শহরে হোটেলে বাংলাদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত যে নিষেধাজ্ঞা জারি ছিল, তা আনুষ্ঠানিকভাবে তুলে নেওয়া হয়েছে।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন (জিএসএইচডব্লিউএ) এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায়। সংগঠনটি জানায়, সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা ও পুনর্মূল্যায়নের পর তারা সদস্য হোটেল মালিকদের মধ্যে একটি আনুষ্ঠানিক ভোটাভুটির আয়োজন করে।
ওই ভোটাভুটিতে সংখ্যাগরিষ্ঠ সদস্য বাংলাদেশি নাগরিকদের জন্য পুনরায় হোটেল বুকিং চালু করার পক্ষে মত দেন। এর পরিপ্রেক্ষিতে পূর্বে আরোপিত সব ধরনের বিধিনিষেধ প্রত্যাহারের সিদ্ধান্ত কার্যকর করা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, শিলিগুড়িজুড়ে জিএসএইচডব্লিউএভুক্ত সব হোটেলে বাংলাদেশি নাগরিকদের অবস্থান সংক্রান্ত নিষেধাজ্ঞা ও শর্তাবলি তাৎক্ষণিকভাবে বাতিল করা হয়েছে। ফলে এখন থেকে বাংলাদেশি পর্যটক ও দর্শনার্থীরা আগের মতোই হোটেল কক্ষ বুকিং করতে পারবেন।
উল্লেখ্য, এর আগে ২০২৪ সালের ৯ ডিসেম্বর শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের ওপর প্রথমে সীমিত আকারে নিষেধাজ্ঞা জারি করেন।
পরবর্তীতে ভিসা কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ার প্রেক্ষাপটে ২০২৫ সালের ডিসেম্বর মাসে সেই নিষেধাজ্ঞা পূর্ণাঙ্গ রূপ নেয়। সর্বশেষ সিদ্ধান্তের ফলে দীর্ঘদিনের সেই বিধিনিষেধের অবসান ঘটল। সূত্র: এএনআই

































