ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু

ছোট ভাইয়ের মৃত্যুর খবর শুনে বড় ভাইয়ের মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৫৬, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

সাতক্ষীরা সদর উপজেলায় ছোট ভাইয়ের মৃত্যুশোক সহ্য করতে না পেরে কয়েক ঘণ্টার ব্যবধানে বড় ভাইয়েরও মৃত্যু হয়েছে।

রবিবার (২২ ফেব্রুয়ারি) উপজেলার ধূলিহর ইউনিয়নের ভালুকা চাঁদপুর উত্তরপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। আকস্মিক এই ঘটনায় পুরো এলাকায় গভীর শোকের আবহ বিরাজ করছে।

মৃতরা হলেন ওই এলাকার মৃত আবুল কাশেমের দুই ছেলে— আবদুল করিম (৫২) ও আবদুল গফুর (৫০)।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ভাই আবদুল গফুর দীর্ঘদিন ধরে ক্যানসারে ভুগছিলেন। রবিবার ভোররাতে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

পরিবারের কাছে তার মৃত্যুসংবাদ পৌঁছালে বড় ভাই আবদুল করিম গভীর শোকে ভেঙে পড়েন। শোক সামলাতে না পেরে তিনি হৃদরোগে আক্রান্ত হন এবং সেখানেই তার মৃত্যু হয়।

পরে বিকেলে পারিবারিক কবরস্থানে দুই ভাইয়ের জানাজা অনুষ্ঠিত হয় এবং পাশাপাশি তাদের দাফন সম্পন্ন করা হয়। একই দিনে দুই সহোদরের এমন করুণ পরিণতিতে এলাকায় শোকের ছায়া নেমে আসে।

এ বিষয়ে সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত হৃদয়বিদারক। তবে এ ব্যাপারে থানায় আনুষ্ঠানিকভাবে কেউ কোনো অভিযোগ বা তথ্য জানায়নি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement