চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত ৯ জন সিনিয়র সচিব ও সচিবের অবশিষ্ট চুক্তির মেয়াদ বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
এ সংক্রান্ত প্রজ্ঞাপন সোমবার (২৩ ফেব্রুয়ারি) মন্ত্রণালয় থেকে জারি করা হয়। প্রজ্ঞাপনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের বাকি সময় বাতিলের বিষয়টি উল্লেখ করা হয়েছে।
যেসব সিনিয়র সচিবের চুক্তি বাতিল করা হয়েছে তাদের মধ্যে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য মো. মোখলেস উর রহমান এবং এম এ আকমল হোসেন আজাদ, মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ, জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন অ্যাকাডেমি (এনএপিডি)-র মহাপরিচালক সিদ্দিক জোবায়ের এবং ভূমি আপিল বোর্ড-এর চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ।
এছাড়া বিশ্বব্যাংক-এর বিকল্প নির্বাহী পরিচালক শরিফা খানের চুক্তিভিত্তিক নিয়োগও বাতিল করা হয়েছে। সর্বশেষ তিনি অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সিনিয়র সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
চুক্তি বাতিল হওয়া সচিবদের তালিকায় আরও রয়েছেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের (আইসিটি) সচিব শীষ হায়দার চৌধুরী এবং পরিকল্পনা কমিশনের সদস্য কাইয়ুম আরা বেগম।
এর আগে একই দিন ধর্মবিষয়ক মন্ত্রণালয়, মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিবদের সরিয়ে দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়। সর্বশেষ সিদ্ধান্তে চুক্তিভিত্তিক নিয়োগপ্রাপ্ত মোট নয়জন জ্যেষ্ঠ কর্মকর্তার মেয়াদ বাতিল করা হলো।































