সোনারগাঁয় অবৈধ বইয়ের কারখানা জব্দ
Published : ১৮:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাচপুর বেহাকৈর এলাকায় অভিযান চালিয়ে অবৈধভাবে পরিচালিত একটি বই ছাপার কারখানা থেকে ছাপানোর মেশিন ও বিপুল পরিমাণ বই জব্দ করেছে পুলিশ। জব্দকৃত সামগ্রীর আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ টিম সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় অবৈধভাবে ছাপানো প্রায় ৪ হাজার কপি বই এবং ব্যবহৃত ছাপাখানার মেশিন জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, একটি সংঘবদ্ধ চক্র দীর্ঘদিন ধরে কোনো ধরনের বৈধ অনুমতি ছাড়াই বিভিন্ন শ্রেণির লেকচার শিট এবং ‘পাঞ্জেরি প্রকাশনী’ নাম ব্যবহার করে গাইড বই মুদ্রণ করছিল।
পরে সেসব বই দেশের বিভিন্ন অঞ্চলে শিক্ষার্থীদের কাছে সরবরাহ করা হতো। এ কার্যক্রমের ফলে সরকার উল্লেখযোগ্য পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছিল বলে অভিযোগ রয়েছে।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিবুল্লাহ জানান, অভিযান পরিচালনা করে অবৈধভাবে পরিচালিত ছাপাখানা থেকে বই ও মেশিন জব্দ করা হয়েছে।
এ ঘটনায় কপিরাইট আইনে মামলা দায়ের করা হয়েছে এবং জব্দকৃত মালামাল আদালতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
বিডি/এএন
































