ওয়ালটন একটি শীর্ষস্থানীয় বাংলাদেশি বহুজাতিক ইলেকট্রনিক্স প্রতিষ্ঠান, যার পণ্য বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে রপ্তানি হচ্ছে।
স্থানীয় উৎপাদনকে ভিত্তি করে আন্তর্জাতিক বাজারে ধারাবাহিক সম্প্রসারণের মাধ্যমে ওয়ালটন শুধু একটি করপোরেট ব্র্যান্ড নয়, বরং বাংলাদেশের শিল্পোন্নয়ন, সক্ষমতা ও আত্মবিশ্বাসের প্রতীক হয়ে উঠেছে।
ওয়ালটন সম্পর্কে এমন মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা। সোমবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৬) রাজধানীর ওয়ালটন করপোরেট অফিসে আয়োজিত ‘আর্জেন্টিনা ফ্যান জার্সি উন্মোচন’ শীর্ষক এক বর্ণাঢ্য অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উল্লেখ্য, বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে ওয়ালটন। আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)-এর সঙ্গে আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে প্রতিষ্ঠানটি আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে সম্পৃক্ত হয়।
এর ফলে দলটির বিভিন্ন ধরনের ব্র্যান্ডিং স্বত্ব লাভ করেছে ওয়ালটন। বর্তমানে ওয়ালটনের বিভিন্ন পণ্যের প্রচারণায় মেসি-মার্টিনেজদের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে, যা প্রতিষ্ঠানটিকে বৈশ্বিক ব্র্যান্ড হিসেবে প্রতিষ্ঠিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
আসন্ন ২০২৬ ফিফা ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে আর্জেন্টিনা ফুটবল দলের ফ্যান জার্সি উন্মোচন করেছে ওয়ালটন। দেশের বিভিন্ন প্রান্তে থাকা প্রতিষ্ঠানটির অসংখ্য ক্রেতা ও শুভানুধ্যায়ীরা এই ফ্যান জার্সি সংগ্রহের সুযোগ পাবেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র চেয়ারম্যান এস এম শামছুল আলম, ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম এবং পরিচালক সাবিহা জারিন অরনা।
প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা বলেন, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন যখন বাংলাদেশে ওয়ালটনকে তাদের আঞ্চলিক পৃষ্ঠপোষক হিসেবে নির্বাচন করে, তখনই বিশ্ববাজারে ওয়ালটনের অবস্থান ও গ্রহণযোগ্যতার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে। এটি কেবল একটি ব্র্যান্ড নির্বাচন নয়, বরং একটি দেশের অগ্রযাত্রার স্বীকৃতি।
তিনি আরও বলেন, স্পনসরশিপ মানে শুধু জার্সি বা স্টেডিয়ামে লোগো প্রদর্শন নয়; এটি ব্র্যান্ডের সক্ষমতা, মান এবং আন্তর্জাতিক স্বীকৃতির প্রতিফলন। এমন উদ্যোগ তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করে।
বাংলাদেশের তরুণরা যখন আর্জেন্টিনার খেলা দেখে, তারা দক্ষতা, দলগত ঐক্য ও অধ্যবসায়ের শিক্ষা পায়। এখন সেই জার্সিতে তারা একটি বাংলাদেশি ব্র্যান্ডের উপস্থিতিও দেখতে পাবে।
এতে তারা উপলব্ধি করবে যে বৈশ্বিক উৎকর্ষতা দূরের কোনো স্বপ্ন নয়; এটি নিজের দেশ থেকেই শুরু করা সম্ভব। তিনি আশা প্রকাশ করেন, এই সহযোগিতা দুই দেশের সম্পর্ককে আরও সমৃদ্ধ করবে এবং পারস্পরিক বন্ধন আরও দৃঢ় হবে।
ওয়ালটন হাই-টেকের ম্যানেজিং ডিরেক্টর এস এম মাহবুবুল আলম বলেন, আর্জেন্টিনার ফুটবল চেতনা সীমানা ছাড়িয়ে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়েছে। বাংলাদেশেও লক্ষ লক্ষ সমর্থক আর্জেন্টিনাকে ভালোবাসে।
বিশ্বকাপের সময় রাজধানী ঢাকা থেকে শুরু করে চট্টগ্রাম ও গ্রামাঞ্চলের সড়কগুলো আকাশি-সাদা পতাকায় ছেয়ে যায়। এই ভালোবাসা আর্জেন্টিনার খেলার ধরণ, খেলোয়াড়দের বিনয়ী মনোভাব এবং অনুপ্রেরণাদায়ক ফুটবল ঐতিহ্যের প্রতি বাংলাদেশের মানুষের আবেগঘন সংযোগের প্রতিফলন। তিনি বলেন, আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে যুক্ত হতে পেরে ওয়ালটন গর্বিত ও আনন্দিত।
তিনি আরও জানান, ফুটবল এ দেশের মানুষের রক্তে মিশে আছে। ওয়ালটন সব ধরনের খেলাধুলাকে উৎসাহ ও সমর্থন করে। বিশ্বকাপ উপলক্ষে প্রতিষ্ঠানের অফিস, কারখানা এবং সারা দেশের কর্মী ও পরিবেশকদের নিয়ে ফুটবল টুর্নামেন্ট আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
ওয়ালটন হাই-টেকের ব্যবস্থাপনা পরিচালকের বিজনেস কোঅর্ডিনেটর তানভীর আঞ্জুমের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ।































