বিসিবির গেম ডেভলপমেন্ট চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেলেন আসিফ আকবর
Published : ১৫:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট চেয়ারম্যানের দায়িত্ব সামলাবেন গায়ক ও পরিচালক আসিফ আকবর।
এই পদে তার নিয়োগ দেওয়া হয়েছে, যিনি এর আগে বয়সভিত্তিক ক্রিকেট বিভাগে দায়িত্ব পালন করে আসছিলেন। গত ২২ ফেব্রুয়ারি বিসিবির পরিচালনা পর্ষদের সভায় তাকে গেম ডেভেলপমেন্টের দায়িত্ব প্রদান করা হয়। যদিও আনুষ্ঠানিক ঘোষণাপত্র এখনও প্রকাশিত হয়নি, বিসিবির এক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
আগে এই দায়িত্বে ছিলেন পরিচালক ইশতিয়াক সাদেক। তিনি ধানমন্ডি স্পোর্টস ক্লাব থেকে নির্বাচিত হয়ে বিসিবিতে পরিচালক পদে এসেছিলেন। কিন্তু দায়িত্ব পাওয়ার কিছু মাসের মধ্যে তিনি পদত্যাগ করেন।
পদত্যাগের কারণ হিসেবে তিনি সময়ের অভাবে দায়িত্ব যথাযথভাবে পালন করতে না পারাকে উল্লেখ করেছেন। তবে তার পদত্যাগপত্র এখনও বিসিবি গ্রহণ করেনি।
আসিফ আকবর সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক-কে নিয়ে বিতর্কিত মন্তব্য করেন, যা দেশের ক্রীড়াঙ্গনে ব্যাপক আলোচনার বিষয় হয়ে দাঁড়ায়। এই ঘটনার মধ্যেই তিনি নতুন দায়িত্ব গ্রহণ করলেন।
পরিচালক নির্বাচিত হওয়ার পর আসিফের মূল দায়িত্ব ছিল বয়সভিত্তিক ক্রিকেট, যা এখন নতুন গেম ডেভেলপমেন্টের দায়িত্বের সঙ্গে একীভূত হয়েছে। নতুন দায়িত্বে তিনি বিসিবির ক্রীড়া উন্নয়ন ও ক্রিকেটের নানা খুঁটিনাটি বিষয়ে নজর রাখবেন।
বিডি/এএন































