দুই জ্যেষ্ঠ আইনজীবীর নাম আলোচনায়: নতুন অ্যাটর্নি জেনারেল কে হবে?

দুই জ্যেষ্ঠ আইনজীবীর নাম আলোচনায়: নতুন অ্যাটর্নি জেনারেল কে হবে? ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৪:৪১, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল পদে নতুন নিয়োগকে ঘিরে সুপ্রিম কোর্টের দুই জ্যেষ্ঠ আইনজীবীর নাম আলোচনায় এসেছে।

তারা হলেন সিনিয়র আইনজীবী ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরী। আইন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহের মধ্যেই এ পদে নিয়োগ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হতে পারে।

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাসিন্দা ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এর আগে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক হিসেবে একাধিকবার দায়িত্ব পালন করেছেন।

অন্যদিকে কুষ্টিয়ার বাসিন্দা ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর পারিবারিক পরিচয়ও রাজনৈতিক ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। তার বাবা প্রয়াত আব্দুর রউফ চৌধুরী ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসেবে পরিচিত ছিলেন।

ব্যারিস্টার রাগিব রউফ চৌধুরীর শিক্ষাজীবনও বেশ সমৃদ্ধ। তিনি কুষ্টিয়া জিলা স্কুল থেকে এসএসসি এবং ঢাকার নটরডেম কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। পরে ভারতের ঐতিহ্যবাহী আলীগড় মুসলিম বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স ডিগ্রি লাভ করেন। এরপর যুক্তরাজ্যের দুটি বিশ্ববিদ্যালয়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা গ্রহণ করেন এবং লন্ডনের লিংকনস ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেন। আইনের যথাযথ প্রয়োগ এবং সুশাসন প্রতিষ্ঠাকে তিনি নিজের অন্যতম অঙ্গীকার হিসেবে তুলে ধরেছেন।

এর আগে গত ২৭ ডিসেম্বর অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান ব্যক্তিগত কারণ দেখিয়ে রাষ্ট্রপতির কাছে পদত্যাগপত্র জমা দেন। পরবর্তীতে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে সংসদ সদস্য নির্বাচিত হন এবং আইনমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement