জনগণের শক্তিতেই বিশ্বাসী বিএনপি: মঈন খান

জনগণের শক্তিতেই বিশ্বাসী বিএনপি: মঈন খান ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:৪৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রতিহিংসার রাজনীতি নয়, বিএনপি বহুদলীয় ও সংসদীয় গণতন্ত্রের প্রতি বিশ্বাসী—এমন মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নরসিংদী থেকে নির্বাচিত সংসদ সদস্যদের সঙ্গে মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-র কবর জিয়ারত শেষে তিনি এই মন্তব্য করেন।

ড. আবদুল মঈন খান বলেন, বিএনপি একদলীয় বাকশাল শাসনের প্রতি বিশ্বাস রাখে না, যা বাংলাদেশের ওপর আওয়ামী লীগ জগদ্দল পাথরের মতো চাপিয়ে দিয়েছিল। বরং বিএনপি জনগণের শক্তিতে বিশ্বাসী।

তিনি আরও যোগ করেন, দলের অবস্থান অত্যন্ত স্পষ্ট। বিএনপি স্বাধীনতার পক্ষে কাজ করেছে। ১৯৭১ সালের কালো রাতে যখন পাক হানাদার বাহিনী নিরীহ মানুষের ওপর হায়নার মতো ঝাপিয়ে পড়েছিল, তখন জিয়াউর রহমান প্রতিবাদের ঝান্ডা উঁচু করে দাঁড়িয়েছিলেন। এই আদর্শে বিশ্বাসী হওয়ায় বিএনপি বহুদলীয় গণতন্ত্র ও পার্লামেন্টারি সিস্টেমের প্রতি দৃঢ় প্রতিশ্রুতিবদ্ধ।

ড. আবদুল মঈন খান স্পষ্ট ভাষায় জানান, বিএনপি একটি উদারনৈতিক রাজনৈতিক দল। তারা সকলকে নিয়ে রাজনীতি করে এবং প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না। দলটির বর্তমান ও ভবিষ্যৎ নেতৃত্ব বিশেষ করে তারেক রহমান বারবার বলেছেন, তারা আইনের শাসনের প্রতি বিশ্বাসী।

তিনি আরও উল্লেখ করেন, বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার ক্ষেত্রে বিএনপির ভূমিকা গুরুত্বপূর্ণ। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার বিপ্লবের ধারাবাহিকতায় দেশে গণতন্ত্র ফিরিয়ে এনেছে বিএনপি। ড. আবদুল মঈন খান বলেন, তারা এই গণতন্ত্র এবং বাংলাদেশের স্বাধীনতা রক্ষার লক্ষ্যে অটল প্রতিশ্রুতিবদ্ধ।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement