বেতনের আওতায় আসছেন হামজারাও

বেতনের আওতায় আসছেন হামজারাও ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২২:১৪, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক দায়িত্ব গ্রহণের পরপরই ক্রীড়াবিদদের একটি কাঠামোবদ্ধ বেতনের আওতায় আনার ঘোষণা দিয়েছেন।

গতকাল বিভিন্ন ক্রীড়া ফেডারেশনের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে তিনি এ বিষয়টি উত্থাপন করেন এবং ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)-এর সঙ্গে অনুষ্ঠিত বিশেষ বৈঠকেও তিনি একই অবস্থান দৃঢ়ভাবে পুনর্ব্যক্ত করেন।

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেন, নারী ফুটবলাররা ধারাবাহিকভাবে যেভাবে সাফল্য এনে দিচ্ছে, তা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। তাদের উৎসাহিত করার পাশাপাশি পুরুষ ফুটবলারদেরও প্রণোদনা ও আর্থিক সহায়তার আওতায় আনা হবে। তিনি জানান, নারী ও পুরুষ—উভয় জাতীয় দলের খেলোয়াড়দের মাসিক ভিত্তিতে সরকারি চুক্তির আওতায় এনে একটি স্থায়ী বেতন কাঠামোর অন্তর্ভুক্ত করার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বর্তমানে নারী ফুটবলাররা বাফুফের মাসিক ভাতার আওতায় রয়েছেন। সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে ঋতুপর্ণাদের পাশাপাশি হামজারাও একই ধরনের বেতন কাঠামোর সুবিধা পাবেন বলে জানান তিনি।

প্রতিমন্ত্রী আরও বলেন, ফিফার অনুদানের আওতায় বাফুফে কয়েকটি স্টেডিয়াম ব্যবহারের জন্য সরকারের কাছে আবেদন করেছে। বিষয়টি নিয়ে আলোচনা শেষে তিনটি স্টেডিয়াম আনুষ্ঠানিক চুক্তির মাধ্যমে ফেডারেশনের কাছে হস্তান্তরের সিদ্ধান্ত হয়েছে। এগুলো হলো—কমলাপুর স্টেডিয়াম, সিলেট স্টেডিয়াম ও চট্টগ্রাম স্টেডিয়াম। খুব শিগগিরই প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে স্টেডিয়ামগুলো চুক্তিভিত্তিকভাবে বাফুফের কাছে বরাদ্দ দেওয়া হবে।

বয়সভিত্তিক ফুটবল টুর্নামেন্ট নিয়মিতভাবে চালু রাখতে একটি সমন্বিত বার্ষিক ক্যালেন্ডার প্রণয়নের কথাও জানান আমিনুল। তিনি বলেন, এ লক্ষ্যে ইতোমধ্যে ফুটবল ফেডারেশনের কাছ থেকে একটি বিস্তারিত ক্যালেন্ডার চাওয়া হয়েছে। পাশাপাশি মন্ত্রণালয়ের পক্ষ থেকেও একটি বার্ষিক পরিকল্পনা তৈরি করে বয়সভিত্তিক প্রতিযোগিতাগুলো নিয়মিত আয়োজনের উদ্যোগ নেওয়া হবে।

তিনি উল্লেখ করেন, দীর্ঘদিন ধরে জেলা পর্যায়ে নিয়মিত লিগ না হওয়ার বিষয়টি উদ্বেগজনক। যদিও গত বছর থেকে বাফুফে আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু করেছে, তবে সেটিকে আরও বিস্তৃত ও স্থায়ী রূপ দিতে প্রতিটি জেলায় নিয়মিত লিগ চালুর পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে ফেডারেশনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তিনি।

জাতীয় ক্রীড়া পরিষদে (এনএসসি) অনুষ্ঠিত এ বৈঠকে বাফুফের সভাপতি তাবিথ আউয়াল, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলমসহ সংশ্লিষ্ট অনেক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement