সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংরের গভর্নর ড. আহসান এইচ মনসুরকে ‘স্বৈরাচার’ আখ্যা দেওয়ার ঘটনায় তিন কর্মকর্তাকে শোকজ করা হয়েছে। এ কর্মকর্তাদের আগামী ১০ দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান জানিয়েছেন, যদি তাদের জবাব সন্তোষজনক না হয়, তবে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দফতরে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানান।
শোকজ করা তিন কর্মকর্তার মধ্যে রয়েছেন—বাংলাদেশ ব্যাংকের নীল দলের সাধারণ সম্পাদক এবং এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস বিভাগের পরিচালক নওশাদ মোস্তফা, নীল দল থেকে নির্বাচিত বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার কাউন্সিলের সভাপতি একেএম মাসুম বিল্লাহ এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা শ্রাবণ।
প্রসঙ্গত, গত ১৬ ফেব্রুয়ারি ওই সংবাদ সম্মেলনে এই তিন কর্মকর্তা এক্সিম ব্যাংক ও সোস্যাল ইসলামী ব্যাংককে একীভূত করার উদ্যোগ, ডিজিটাল ব্যাংকের লাইসেন্স প্রদানের প্রক্রিয়া এবং অন্যান্য বিভিন্ন ইস্যুতে গভর্নরের সমালোচনা করেন। একই অনুষ্ঠানে তারা গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা দিয়েছেন।


































