প্রধানমন্ত্রীর তৎপরতায় ১ ঘণ্টায় উদ্ধার অপহৃত স্কুলছাত্র

প্রধানমন্ত্রীর তৎপরতায় ১ ঘণ্টায় উদ্ধার অপহৃত স্কুলছাত্র ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২১:২০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সরাসরি হস্তক্ষেপে অপহরণের মাত্র এক ঘণ্টার মধ্যে এক স্কুলছাত্রকে উদ্ধার করেছে পুলিশ। এমন তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর খিলগাঁও এলাকায় একটি নির্মাণাধীন ভবন থেকে ওই শিক্ষার্থীকে উদ্ধার করা হয়।

জানা গেছে, ছেলেটি অপহৃত হওয়ার খবর পেয়ে তার বাবা, যিনি সচিবালয়ের একজন কর্মচারী, কান্নাজড়িত অবস্থায় প্রধানমন্ত্রীর দপ্তরে প্রবেশ করেন। সেখানে তিনি সরাসরি প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা পান এবং পুরো ঘটনা তুলে ধরেন।

বিষয়টি শোনামাত্রই প্রধানমন্ত্রী সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের ফোন করে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। নির্দেশ পাওয়ার এক ঘণ্টার মধ্যেই খিলগাঁওয়ের একটি নির্মাণাধীন ভবন থেকে ছেলেটিকে উদ্ধার করতে সক্ষম হয় আইনশৃঙ্খলা বাহিনী।

উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন পুলিশের রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম। তিনি জানান, অপহৃত শিক্ষার্থী খিলগাঁওয়ের ন্যাশনাল ল্যাবরেটরি আইডিয়াল স্কুল-এর নবম শ্রেণির ছাত্র।

দুপুর আড়াইটার দিকে স্কুল ছুটির পর ৪-৫ জন ব্যক্তি তাকে জোরপূর্বক ধরে জোড়পুকুর এলাকার একটি সাততলা নির্মাণাধীন ভবনে নিয়ে যায়। সেখানে তাকে মারধর করা হয় এবং তার বাবার মোবাইল নম্বর নিয়ে ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে তাকে হত্যার হুমকিও দেওয়া হয়।

শিক্ষার্থীর বাবা সচিবালয়ে কর্মরত হওয়ায় তিনি দ্রুত প্রধানমন্ত্রীর সচিবালয়ের দপ্তরে গিয়ে সাহায্য চান। বিষয়টি জানার পর প্রধানমন্ত্রী তাৎক্ষণিকভাবে পুলিশকে নির্দেশ দেন শিশুটিকে দ্রুত উদ্ধার করতে।

এরপর অপহরণকারীরা যে নম্বর থেকে মুক্তিপণ দাবি করেছিল, সেই নম্বর ট্র্যাক করে কৌশলে যোগাযোগ শুরু করে পুলিশ। টাকা পাঠানোর আশ্বাস দিয়ে তাদের কাছ থেকে আরেকটি নম্বর নেওয়ার চেষ্টা করা হয়।

শুরুতে অপহরণকারীরা নম্বর দিতে গড়িমসি করলেও কিছু সময় দরকষাকষির পর পুলিশ তাদের অবস্থান শনাক্ত করতে সক্ষম হয়। পরে সংশ্লিষ্ট ভবনে অভিযান চালিয়ে ছেলেটিকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

প্রধানমন্ত্রীর প্রেস উইং থেকে জানানো হয়েছে, শিশু অপহরণের খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই প্রধানমন্ত্রী দ্রুত পদক্ষেপ নিতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেন এবং তার তৎপরতায় স্বল্প সময়ের মধ্যেই শিক্ষার্থীকে উদ্ধার করা সম্ভব হয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement