বরগুনায় পুত্রবধূর মৃত্যুর শোক সইতে না পেরে শ্বশুরের মৃত্যু

বরগুনায় পুত্রবধূর মৃত্যুর শোক সইতে না পেরে শ্বশুরের মৃত্যু ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৫০, ২৪ ফেব্রুয়ারি ২০২৬

বরগুনার আমতলী উপজেলায় সন্তান প্রসবের পর লামিয়া বেগম (২০) নামের এক তরুণীর মৃত্যু হয়েছে। একই দিনে পুত্রবধূর মৃত্যুর খবর শুনে হৃদয়বিদারক শোকে তার শ্বশুর মোস্তফা প্যাদা (৭০)ও মারা যান। তবে নবজাতক কন্যাশিশুটি সুস্থ রয়েছে বলে পরিবার জানিয়েছে।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) উপজেলার হলদিয়া ইউনিয়নের তক্তাবুনিয়া এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মো. কামরুল হাসান সেতু মল্লিক।

স্থানীয় সূত্রে জানা যায়, তক্তাবুনিয়া এলাকার বাসিন্দা সোহাগ প্যাদার স্ত্রী লামিয়া বেগম গর্ভবতী ছিলেন। সকালে স্বামীর বাড়িতেই স্বাভাবিকভাবে একটি কন্যাসন্তানের জন্ম দেন তিনি।

কিন্তু সন্তান জন্মের পরপরই তার অতিরিক্ত রক্তক্ষরণ শুরু হয়। পরিবারের সদস্যরা দ্রুত তাকে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দুপুরের দিকে লামিয়ার মৃত্যু হয়।

এদিকে তার মৃত্যুসংবাদ বাড়িতে পৌঁছানোর পর শোকে অসুস্থ হয়ে পড়েন শ্বশুর মোস্তফা প্যাদা, যিনি আগে থেকেই ব্লাড ক্যান্সারে আক্রান্ত ছিলেন। বিকেলেই তিনিও মারা যান।

হলদিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মো. কামরুল হাসান সেতু মল্লিক জানান, বেলা ১২টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় লামিয়া বেগমের মৃত্যু হয়।

পরে বিকেল ৩টার দিকে বাড়িতে থাকা তার শ্বশুর মোস্তফা প্যাদার মৃত্যু ঘটে। পুত্রবধূর মরদেহ যেন তিনি না দেখতে পারেন, সে জন্য স্বজনরা তাকে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু মৃত্যুসংবাদ শোনার পর গভীর শোক ও অসুস্থতার মধ্যেই হা-হুতাশ করতে করতে তার মৃত্যু হয়।

ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement