বাস থেকে চাঁদা আদায়ের দায়ে মানিকগঞ্জে আটক ১

বাস থেকে চাঁদা আদায়ের দায়ে মানিকগঞ্জে আটক ১ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০০:৪৯, ২৫ ফেব্রুয়ারি ২০২৬

মানিকগঞ্জের শিবালয় উপজেলায় ‘সেলফি পরিবহন’ নামের একটি বাস থেকে চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত কুমার বিশ্বাস (৩০) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরের দিকে উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের উথলী-পাটুরিয়া সংযোগ মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক সুব্রত কুমার বিশ্বাস শিবালয় উপজেলার বেলতা গ্রামের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, মহাসড়কের গুরুত্বপূর্ণ উথলী-পাটুরিয়া মোড়ে যাত্রী ওঠানামার জন্য ‘সেলফি পরিবহন’-এর বাস নিয়মিত থামে। এই সুযোগ কাজে লাগিয়ে একটি সংঘবদ্ধ চক্র বাসপ্রতি ৩০ টাকা করে চাঁদা আদায় করছিল।

এমন অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের ২ থেকে ৩ জন সদস্য পালিয়ে যায়। তবে সুব্রতকে ঘটনাস্থল থেকে ১ হাজার ৫৬০ টাকা চাঁদার অর্থসহ আটক করা হয় এবং পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।

পাটুরিয়া ঘাটে সেলফি পরিবহন মালিক সমিতির প্রতিনিধি সুলতান হোসেন বলেন, উথলী মোড়ে সমিতির নিজস্ব নিয়োজিত লোকজনকে সরিয়ে দিয়ে প্রতিটি বাস থেকে জোরপূর্বক চাঁদা তোলা হচ্ছিল। বিষয়টি জানতে পেরে পুলিশকে জানানো হলে তারা গিয়ে একজনকে আটক করে।

শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনির হোসেন জানান, চাঁদা আদায়ের অভিযোগে সুব্রত নামে এক যুবককে আটক করা হয়েছে। এ বিষয়ে সেলফি পরিবহনের লাইনম্যান মিজানুর রহমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে বলে তিনি জানান।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement