সৌদি আরব যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী
Published : ২২:৫৭, ২৪ ফেব্রুয়ারি ২০২৬
ইসলামি সহযোগিতা সংস্থার (Organisation of Islamic Cooperation–ওআইসি) একটি জরুরি বৈঠকে অংশ নিতে আজ (২৪ ফেব্রুয়ারি) রাতেই সৌদি আরবের উদ্দেশে রওনা দিচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান।
আগামী বৃহস্পতিবার জেদ্দায় অনুষ্ঠিতব্য মন্ত্রী পর্যায়ের এই জরুরি বৈঠকে অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলের সাম্প্রতিক পদক্ষেপ ও আগ্রাসন নিয়ে বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন, ওআইসির এই জরুরি অধিবেশনে যোগ দিতে পররাষ্ট্রমন্ত্রীর সফরসঙ্গী হিসেবে জেদ্দা যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান-এর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ূন কবির।
সূত্র জানায়, বৈঠকের ফাঁকে পররাষ্ট্রমন্ত্রী সংস্থাভুক্ত একাধিক দেশের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করতে পারেন। এতে সমসাময়িক আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হতে পারে। সৌদি আরব সফর শেষে আগামী শনিবার খলিলুর রহমানের দেশে ফেরার সম্ভাবনা রয়েছে।
উল্লেখ্য, অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের জমি অবৈধভাবে দখলের পর সেখানে নতুন করে ইহুদি বসতি স্থাপনের ঘোষণা দিয়েছে ইসরায়েল সরকার। পাশাপাশি ওই অঞ্চলকে ইসরায়েলের সার্বভৌম ভূখণ্ড হিসেবে ঘোষণা করার কথাও বলা হয়েছে। এই প্রেক্ষাপটেই ওআইসির জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে।
সংস্থাটির পক্ষ থেকে মনে করা হচ্ছে, ইসরায়েলের এই পদক্ষেপ ফিলিস্তিনি ভূখণ্ডের আইনি, রাজনৈতিক ও জনসংখ্যাগত বাস্তবতায় নেতিবাচক প্রভাব ফেলবে। বিশেষ করে দীর্ঘদিন ধরে আলোচিত ফিলিস্তিন সমস্যার দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধান প্রক্রিয়া এতে গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। বৈঠকে ইসরায়েলের অবৈধ দখলদারত্বের অবসান এবং ফিলিস্তিনিদের অধিকার সুরক্ষায় করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলে জানা গেছে।
বিডি/এএন

































