কী বললেন ৪ গুণ কম বয়সী স্ত্রীকে বিয়ে করা বৃদ্ধ?
Published : ০০:১৩, ২৫ ফেব্রুয়ারি ২০২৬
নিজের বয়সের তুলনায় প্রায় চার গুণ কম বয়সী এক নারীকে বিয়ে করে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছেন ৭০ বছর বয়সী হাকিম বাবর জি।
২২ বছর বয়সী এক তরুণীর সঙ্গে তার এই বিয়ে নিয়ে অনলাইনে চলছে তীব্র তর্ক-বিতর্ক। কেউ বিষয়টিকে সমর্থন করছেন, আবার কেউ বয়সের বড় ব্যবধান নিয়ে কড়া সমালোচনা করছেন। ঘটনাটি ইতোমধ্যেই পাকিস্তানজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।
বিয়েটি সম্পন্ন হয় চাকালা স্কিম-থ্রি এলাকায়। বিয়ের পর কয়েকজন কনটেন্ট নির্মাতা তাদের বাসায় গিয়ে সাক্ষাৎকার নিলে সেই ভিডিও দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং মুহূর্তেই ভাইরাল হয়ে যায়।
ছোট একটি ভিডিও ক্লিপে বাবর জিকে বলতে শোনা যায়, তাদের এই বিয়ে একই সঙ্গে পারিবারিকভাবে ঠিক করা এবং ভালোবাসার বিয়েও। তিনি জানান, আগে একে অপরকে পছন্দ করার পর সম্পর্ক গড়ে ওঠে, এরপর প্রেমের সম্পর্ক থেকেই নিকাহ সম্পন্ন হয়।
ভিডিওতে তার পাশে থাকা নববধূও একই বক্তব্যের সমর্থন করেন। তিনি জানান, এই সিদ্ধান্তে তিনি সম্পূর্ণ সচেতন এবং স্বেচ্ছায় সম্মতি দিয়েছেন।
সমালোচনার জবাবে বাবর জি বলেন, বয়স কেবল একটি সংখ্যা মাত্র। মানুষের মনের বয়সই আসল। তিনি উল্লেখ করেন, তিনি একজন তালাকপ্রাপ্তা ছিলেন এবং ইসলামের বিধান ও নবী (সা.)-এর সুন্নাহ অনুসরণ করেই এই বিয়ে করেছেন। তার ভাষায়, এতে দোষের কিছু নেই।
তিনি আরও দাবি করেন, তিনি কখনো কোনো অবৈধ সম্পর্কে জড়াননি। অথচ তা সত্ত্বেও মানুষ নেতিবাচক মন্তব্য করছে। বাবর জির মতে, যারা তাকে নিয়ে সমালোচনা করছেন, তাদের অনেকেই নিজেরাই অবৈধ সম্পর্কে জড়ালেও বৈধ বিয়েতে আগ্রহ দেখান না।
নববধূও বিষয়টিতে নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, প্রকৃত ভালোবাসা থাকলে বয়স কখনোই বাধা হওয়া উচিত নয়। সঠিক মানুষকে পেলে বিয়ের সিদ্ধান্ত বিলম্ব না করার পক্ষেও মত দেন তিনি।
দম্পতি আরও জানান, ঈদুল ফিতরের পর তারা ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। এরপর নেদারল্যান্ডস সফরের পরিকল্পনাও রয়েছে তাদের।
এই বিয়ে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা যাচ্ছে। কেউ বয়সের বড় ব্যবধান নিয়ে উদ্বেগ ও সমালোচনা প্রকাশ করেছেন, আবার অনেকে এটিকে সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন। সমর্থকদের মতে, অবৈধ সম্পর্কের চেয়ে বৈধ ও সামাজিকভাবে স্বীকৃত সম্পর্কই সর্বোত্তম।
সূত্র: এক্সপ্রেস ট্রিবিউন
বিডি/এএন

































