প্রধানমন্ত্রী তারেক রহমানকে সমবেদনা জানালেন বাহরাইনের রাজা
Published : ১২:২৭, ৩ মার্চ ২০২৬
ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এক বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফা।
সোমবার (২ মার্চ) দিবাগত রাতে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী ড. আব্দুললতিফ বিন রশিদ আল জায়ানি টেলিফোনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে যোগাযোগ করে রাজার পক্ষ থেকে এই শোকবার্তা পৌঁছে দেন।
টেলিফোনালাপে বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেন যে, ইরানের নিক্ষেপ করা একটি মিসাইলের ধ্বংসাবশেষের আঘাতে এক বাংলাদেশি নাগরিকের মৃত্যু হয়েছে। তিনি বাহরাইনের রাজা হামাদ বিন ইসা আল খলিফার পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং নিহতের পরিবারের প্রতি সহানুভূতি প্রকাশ করেন।
আলোচনার সময় বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী আরও জানান, তার দেশের সরকার বাহরাইনে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সার্বিক নিরাপত্তা, সুরক্ষা ও কল্যাণ নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ধরনের ব্যবস্থা গ্রহণ করছে এবং ভবিষ্যতেও এ প্রচেষ্টা অব্যাহত থাকবে। জবাবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ ঘটনায় দ্রুত সহযোগিতা ও সহমর্মিতার জন্য বাহরাইন সরকারের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উল্লেখ্য, একই দিন বিকেলেও বাহরাইনের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন। সূত্র: বাসস
বিডি/এএন































