ধর্ষণচেষ্টা রুখতে নারীর চরম পদক্ষেপ, কেটে দিলেন বিশেষ অঙ্গ

ধর্ষণচেষ্টা রুখতে নারীর চরম পদক্ষেপ, কেটে দিলেন বিশেষ অঙ্গ ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৬:০৩, ২ মার্চ ২০২৬

জয়পুরহাট জেলার ক্ষেতলাল উপজেলা এলাকায় ধর্ষণচেষ্টার অভিযোগকে ঘিরে এক ব্যক্তির লিঙ্গ বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। রোববার (১ মার্চ) সন্ধ্যা প্রায় ৭টার দিকে পৌরসভার মুন্দাইল গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি প্রকাশ্যে আসার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয়দের বরাতে জানা যায়, মুন্দাইল গ্রামের বাসিন্দা আজমাদ হোসেনের ছেলে নজরুল ইসলাম (৪২) একই গ্রামের এক গৃহবধূর বাড়িতে জোরপূর্বক প্রবেশ করেন।

অভিযোগ অনুযায়ী, তিনি ওই নারীকে জড়িয়ে ধরে অশালীন আচরণ করেন এবং কুপ্রস্তাব দেন। এ সময় ধস্তাধস্তির একপর্যায়ে আত্মরক্ষার চেষ্টা হিসেবে নারীটি ধারালো কোনো বস্তু দিয়ে আঘাত করলে নজরুল ইসলামের পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়।

ভুক্তভোগী নারীর স্বামী মুকুল হোসেন জানান, এর আগেও নজরুল ইসলাম তার স্ত্রীকে বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন। সামাজিক মানসম্মানের বিষয়টি বিবেচনায় এনে তখন তারা বিষয়টি প্রকাশ করেননি।

ঘটনার দিন তার স্ত্রী ঘরের ভেতরে বসে পায়ের নখ কাটছিলেন। সে সময় নজরুল পেছন থেকে এসে তাকে জড়িয়ে ধরেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তার স্ত্রী কৌশলে তাকে বিছানায় শোয়ার কথা বলেন এবং পরে ব্লেড দিয়ে আঘাত করেন বলে দাবি করেন তিনি।

ঘটনার পর গুরুতর আহত অবস্থায় নজরুল ইসলামকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে অন্যত্র স্থানান্তর করা হয়।

এ বিষয়ে অভিযুক্ত নজরুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেন এবং বলেন, এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। এরপর তিনি ফোন সংযোগ বিচ্ছিন্ন করে দেন। পরবর্তীতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার পক্ষ থেকে আর কোনো সাড়া পাওয়া যায়নি।

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে। এদিকে ভুক্তভোগী পরিবার জানিয়েছে, তারা এ ঘটনায় থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে এবং পরিস্থিতি থমথমে রয়েছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement