কলকাতায় মারা যাওয়া সেই এমপির মরদেহ এখন বাংলাদেশে
Published : ১৫:৩৬, ২ মার্চ ২০২৬
ভারতের কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়া আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য জোয়াহেরুল ইসলাম–এর মরদেহ দেশে ফিরেছে।
রোববার (১ মার্চ) দিবাগত রাত প্রায় ১১টার দিকে বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তার মরদেহ বাংলাদেশে আনা হয়।
এর আগে রাত সাড়ে ১০টার দিকে ভারতের পেট্রাপোল চেকপোস্ট থেকে লাশবাহী অ্যাম্বুলেন্সে করে মরদেহটি বেনাপোল সীমান্তে পৌঁছায়। প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই শেষে সেটি দেশে প্রবেশ করে।
জানা গেছে, গত শুক্রবার কলকাতার দমদম এলাকায় অবস্থিত ফিনিক্স মেডিকেল সেন্টার প্রাইভেট লিমিটেড–এ চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক সপ্তাহ আগে তাকে ওই হাসপাতালে ভর্তি করা হয় এবং অবস্থার অবনতি হওয়ায় লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
মৃত্যুর সময় তার স্ত্রী ও মেয়ে কলকাতায় উপস্থিত ছিলেন। স্ত্রী মেডিকেল ভিসায় সেখানে অবস্থান করছিলেন। বাবার অসুস্থতার খবর পেয়ে মেয়ে জাকিয়া ইসলামও পরে কলকাতায় যান।
২০২৪ সালের ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর জোয়াহেরুল ইসলাম অবৈধ পথে ভারতে চলে যান এবং কলকাতার নিউটাউন এলাকায় বসবাস শুরু করেন।
পরবর্তীতে তার স্ত্রী বৈধ ভিসায় সেখানে যোগ দেন। পরিবারসহ তিনি নিউটাউনেই অবস্থান করছিলেন। শুক্রবার মাল্টি অর্গান ফেলিওর ও হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়।
রাজনৈতিক জীবনে তিনি ২০১৭ সালে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব লাভ করেন। টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন।
ছাত্রজীবনে করটিয়া সরকারি সা’দত কলেজ ছাত্র সংসদ নির্বাচনে ছাত্রলীগ মনোনীত প্যানেল থেকে ভিপি নির্বাচিত হয়ে টানা দুই মেয়াদে দায়িত্ব পালন করেন।
তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের কাছে তিনি ‘ভিপি জোয়াহের’ নামেই বেশি পরিচিত ছিলেন। তার গ্রামের বাড়ি টাঙ্গাইলের সখীপুর উপজেলার বেড়বাড়ি গ্রামে।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন জানান, ট্রাভেল পারমিটের মাধ্যমে কলকাতায় মারা যাওয়া সাবেক এই এমপির মরদেহ রোববার দিবাগত রাতে লাশবাহী অ্যাম্বুলেন্সে বেনাপোল দিয়ে দেশে আনা হয়েছে। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর মরদেহটি পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।
বিডি/এএন
































