রাজনৈতিক হস্তক্ষেপ রুখতে ব্যাংকের এমডিদের কঠোর নির্দেশ নতুন গভর্নরের

রাজনৈতিক হস্তক্ষেপ রুখতে ব্যাংকের এমডিদের কঠোর নির্দেশ নতুন গভর্নরের ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ০১:১৫, ৩ মার্চ ২০২৬

দেশে কার্যরত ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের (এমডি) রাজনৈতিক প্রভাবমুক্ত থেকে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান। বিভিন্ন ব্যাংকের এমডিদের সঙ্গে অনুষ্ঠিত প্রথম সৌজন্য সাক্ষাতে তিনি এ দিকনির্দেশনা প্রদান করেন।

নতুন সরকারের ঘোষিত ১ কোটি কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য বাস্তবায়নে উদ্যোক্তা তৈরিতে সহায়তা এবং রফতানি খাতে স্থবিরতা কাটিয়ে গতি ফেরাতে ব্যাংকগুলোকে আরও সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা রাখার আহ্বান জানান গভর্নর।

তিনি উল্লেখ করেন, ২০২৪ সালের শুরুর দিকে দেশে বেকারের সংখ্যা তুলনামূলক কম থাকলেও বছরের শেষভাগে তা বৃদ্ধি পায়। জুলাইয়ের অভ্যুত্থানের পর সৃষ্ট আইনশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতার প্রভাবে প্রায় দুই শতাধিক কারখানা বন্ধ হয়ে যায়। এর ফলে বিনিয়োগ কমে আসে এবং বিপুলসংখ্যক দক্ষ জনশক্তি কর্মহীন হয়ে পড়ে।

এই পরিস্থিতি থেকে উত্তরণে ব্যাংকিং খাতকে অর্থনৈতিক পুনরুদ্ধারের চালিকাশক্তি হিসেবে কাজ করার আহ্বান জানান তিনি। বৈঠকে অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স, বাংলাদেশ (এবিবি)–এর সভাপতি এবং বিভিন্ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালকরা উপস্থিত ছিলেন।

গভর্নর আরও জানান, পাঁচটি ব্যাংকের একীভূতকরণ (মার্জার) প্রক্রিয়া, নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানগুলোর সংস্কার এবং সামগ্রিক ব্যাংকিং খাত পুনর্গঠনের কার্যক্রম ধারাবাহিকভাবে এগিয়ে নেওয়া হবে।

উল্লেখ্য, গত ২৫ ফেব্রুয়ারি সরকার ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে মো. মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেয়।

প্রজ্ঞাপনে বলা হয়, অন্যান্য প্রতিষ্ঠানের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিনি চার বছরের জন্য গভর্নর পদে দায়িত্ব পালন করবেন। দায়িত্বকালীন সময়ে চুক্তির শর্ত অনুযায়ী বেতন-ভাতা ও অন্যান্য প্রাপ্য সুবিধা তিনি বাংলাদেশ ব্যাংক থেকেই গ্রহণ করবেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement