প্রাণীপ্রেমের জেরে শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি

প্রাণীপ্রেমের জেরে শিক্ষিকাকে প্রাণনাশের হুমকি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২৩:৪১, ২ মার্চ ২০২৬

রাজধানীর ধানমন্ডি এলাকায় পথের বেওয়ারিশ কুকুর ও বিড়ালকে খাবার দেওয়া এবং চিকিৎসা সেবা দেওয়ার কারণে এক স্কুল শিক্ষিকাকে লাঞ্ছিত ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী শিক্ষিকার নাম সৈয়দা নাসরিন আক্তার। তিনি ধানমন্ডির বুলবুল ললিতকলা একাডেমির একজন শিক্ষক।

সোমবার (২ মার্চ) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের মাওলানা আকরাম খাঁ হলে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।

নাসরিন আক্তার জানান, দীর্ঘদিন ধরে তিনি পশ্চিম ধানমন্ডি এলাকার রাস্তায় থাকা অসহায় কুকুর ও বিড়ালদের নিজ খরচে খাবার সরবরাহ ও চিকিৎসার ব্যবস্থা করে আসছিলেন।

গত ১৩ ফেব্রুয়ারি রাতে স্কুল থেকে বাড়ি ফেরার সময় স্থানীয় জাকির হোসেন সান্টু (৫৫) নামের এক ব্যক্তি তার পথরোধ করেন। অভিযোগ অনুযায়ী, ওই ব্যক্তি তাকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দেন যে, এলাকায় কুকুর-বিড়ালকে খাবার দিলে তাকে গুলি করে হত্যা করা হবে।

তিনি আরও অভিযোগ করেন, অভিযুক্ত ব্যক্তি প্রায় ৩৫ মিনিট ধরে তাকে আটকে রেখে লাঞ্ছিত করেন। এর আগেও গত বছরের ৫ জুলাই সান্টুর সহযোগী সামিউল ইসলাম একইভাবে তাকে হেনস্তা ও প্রাণনাশের হুমকি দিয়েছিলেন বলে দাবি করেন তিনি।

নাসরিন আক্তার জানান, এসব ঘটনায় তিনি হাজারীবাগ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং–১২৩৬) করেছেন। জিডিতে তিনি উল্লেখ করেন, স্থানীয় কিছু প্রভাবশালী ব্যক্তির বাধা ও হুমকির কারণে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন। ভয়ের কারণে বর্তমানে তিনি নিয়মিত কর্মস্থলেও যেতে পারছেন না বলে জানান।

অভিযুক্তদের পক্ষ থেকে দাবি করা হয়েছে, কুকুর ও বিড়ালের ডাকের কারণে তাদের ঘুমের ব্যাঘাত ঘটে এবং বাড়ির ভাড়াটিয়ারাও বিরক্ত হয়ে বাসা ছেড়ে চলে যায়।

সংবাদ সম্মেলনে নাসরিন আক্তার আক্ষেপ করে বলেন, অসহায় প্রাণীদের সেবা করা কি অপরাধ হতে পারে? তিনি প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত, দোষীদের বিচার এবং নিজের জীবনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। এ সময় তার পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরাও উপস্থিত ছিলেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement