তারেক রহমানের জনসভায় প্রায় ১০০ মোবাইল চুরি, ৭০ জনের থানায় জিডি

তারেক রহমানের জনসভায় প্রায় ১০০ মোবাইল চুরি, ৭০ জনের থানায় জিডি ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:৪৩, ৩১ জানুয়ারি ২০২৬

বগুড়ায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে একের পর এক মোবাইল ফোন চুরির ঘটনা ঘটেছে। এই চুরির শিকারদের মধ্যে রয়েছেন বগুড়া-২ (শিবগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী রেজাউল করিম তালু।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাত পর্যন্ত এ ঘটনায় অন্তত ৭০ জন ভুক্তভোগী বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

জনসভা সংশ্লিষ্ট সূত্র জানায়, তারেক রহমানের জনসভাকে কেন্দ্র করে বগুড়া শহরে মানুষদের ঢল ছিল বিশাল। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা লাখো মানুষের কারণে আলতাফুন্নেছা খেলার মাঠ সন্ধ্যার আগেই কানায় কানায় পূর্ণ হয়ে যায়।

মূল মাঠে জায়গা না পাওয়া হাজার হাজার মানুষ শহরের সাতমাথা ও আশপাশের বিভিন্ন সড়কে অবস্থান নেন। এই বিপুল জনসমাগমের সুযোগ নিয়ে সক্রিয় হয়ে ওঠে চোরচক্র। জনসভা শেষে বাড়ি ফেরার সময় অনেকেই লক্ষ্য করেন তাদের পকেট বা ব্যাগ থেকে ফোন হারানো গেছে।

ভুক্তভোগীদের মধ্যে এক ব্যবসায়ী রাজেদুর রহমান রাজু জানান, শহরের স্টেশন রোডে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকাকালীন তার দেড় লাখ টাকা মূল্যের শখের ফোনটি চুরি হয়ে যায়। একইভাবে নারী, বয়স্ক ব্যক্তি এবং দূর-দূরান্ত থেকে আসা সাধারণ কর্মী-সমর্থকরাও ফোন হারিয়ে চরম ভোগান্তিতে পড়েছেন।

শনিবার বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই শাহিন দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, গতকাল থেকে আজ পর্যন্ত মোবাইল ফোন হারানোর বিষয়ে সবমিলিয়ে ৬০–৭০টির মতো জিডি করা হয়েছে। এছাড়া আরও অনেক ভুক্তভোগী ফোন হারানোর মৌখিক অভিযোগ নিয়ে থানায় আসছেন।

এর আগে শুক্রবার রাত পর্যন্ত বগুড়া সদর থানার ডিউটি অফিসার এসআই জেবুন্নেছা বেগম জানান, মোবাইল ফোন হারানোর বিষয়ে ৫০টির বেশি জিডি করা হয়েছে। এছাড়া আরও অনেকেই মৌখিক অভিযোগ নিয়ে থানায় আসছেন। তিনি বলেন, বৃহস্পতিবার রাতেও সাতমাথা এলাকা থেকে দুইজনকে আটক করে পুলিশ মোবাইল ফোন চুরির অভিযোগে আটক করেছে।

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনিরুল ইসলাম জানান, ফোন হারানোর সংখ্যা আরও বেশি হতে পারে। যারা অভিযোগ করছেন, তাদের হারানো ফোন উদ্ধার করার জন্য পুলিশ গুরুত্ব সহকারে চেষ্টা করছে। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি ব্যবহার ছাড়াও ভিন্ন কৌশলে হারানো ফোনগুলো উদ্ধার করে ভুক্তভোগীদের হাতে পৌঁছে দেওয়ার চেষ্টা চালানো হচ্ছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement