বছরের শুরু থেকেই যেন লাগামছাড়া গতিতে ঊর্ধ্বমুখী ছিল সোনার দাম। পাগলা ঘোড়ার মতো ছুটে চলা এই দামের ধারা রেকর্ডের পর রেকর্ড ভেঙে তিন লাখ টাকার ঘরের দিকে এগোচ্ছিল।
কিন্তু ঠিক সেই সময়েই হঠাৎ বড় ধরনের ধাক্কা খেল সোনার বাজার। টানা ঊর্ধ্বগতির পর আচমকাই শক্ত টান পড়েছে দামে, দেখা দিয়েছে উল্লেখযোগ্য পতন।
গতকাল দেশের বাজারে এক ধাক্কায় ভরিপ্রতি ১৪ হাজার ৬৩৯ টাকা কমে যাওয়ার পর আজ শনিবার (৩১ জানুয়ারি) সোনার দামে আরও বড় পতনের ঘোষণা আসে। একদিনের ব্যবধানে এবার দাম কমানো হয়েছে আগের দিনের তুলনায়ও বেশি।
এদিন দেশের সোনার ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানায়, প্রতি ভরিতে সর্বোচ্চ ১৫ হাজার ৭৪৬ টাকা পর্যন্ত দাম কমানো হয়েছে। এর ফলে মাত্র দুই দফা সমন্বয়েই দেশের বাজারে ভরিপ্রতি সোনার দাম কমে গেছে ৩০ হাজার টাকারও বেশি।
নতুন নির্ধারিত মূল্য অনুযায়ী, সবচেয়ে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নেমে এসেছে ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকায়। বাজার সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক বাজারে সোনার দামে বড় ধরনের দরপতনের সরাসরি প্রভাব পড়েছে দেশের বাজারেও। সেই কারণেই স্থানীয় বাজারে নতুন করে দাম সমন্বয় করা হয়েছে।
বাজুসের বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার (৩১ জানুয়ারি) সকাল ১০টা ১৫ মিনিট থেকে এই নতুন দাম কার্যকর করা হয়েছে।
যদিও বাজুস জানিয়েছে, তেজাবি বা পিওর গোল্ড সোনার দাম কমে যাওয়ার কারণে স্থানীয় বাজারে এই সমন্বয় করা হয়েছে, তবে এর পেছনে মূল চালিকাশক্তি হচ্ছে আন্তর্জাতিক বাজারে সোনার দামের বড় পতন। বিশ্বব্যাপী সোনা ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস ডট ওআরজির তথ্য অনুযায়ী, শনিবার সকালে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স সোনার দাম নেমে আসে ৪ হাজার ৮৯০ ডলারে। এর আগে, গত বৃহস্পতিবার প্রতি আউন্স সোনার দাম ৫ হাজার ৫৫০ ডলার ছাড়িয়ে গিয়েছিল।
বাজুস ঘোষিত নতুন দর অনুযায়ী, দেশের বাজারে এখন ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৫৫ হাজার ৬১৭ টাকা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৪৪ হাজার ১১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৯ হাজার ১৩৬ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ধরা হয়েছে ১ লাখ ৭১ হাজার ৮৬৯ টাকা।
সোনার পাশাপাশি রুপার বাজারেও দাম কমানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম নির্ধারণ করা হয়েছে ৭ হাজার ২৯০ টাকা। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৯৪০ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপা ৫ হাজার ৯৪৯ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ঠিক করা হয়েছে ৪ হাজার ৪৩২ টাকা।



































