জানুয়ারিতে রেমিট্যান্সে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড

জানুয়ারিতে রেমিট্যান্সে তৃতীয় সর্বোচ্চ রেকর্ড ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ২০:০৬, ১ ফেব্রুয়ারি ২০২৬

২০২৬ সালের সদ্য শেষ হওয়া জানুয়ারি মাসে প্রবাসী বাংলাদেশিরা ৩.১৭ বিলিয়ন ডলার বা ৩১৭ কোটি ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৮,৬৭৪ কোটি টাকা।

এটি দেশের ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স হিসেবে ধরা পড়েছে। গত বছরের একই মাসের তুলনায় রেমিট্যান্স ৪৫.৪১ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান জানান, নতুন বছরের প্রথম মাসে প্রবাসী আয় এসেছে ৩১৭ কোটি ডলার, যা ২০২৫ সালের জানুয়ারির ২১৮.৫০ কোটি ডলারের চেয়ে ৯৮.৫০ কোটি ডলার বেশি।

চলতি ২০২৫–২৬ অর্থবছরে জুলাই থেকে জানুয়ারি পর্যন্ত প্রথম ছয় মাসে মোট রেমিট্যান্স এসেছে ১,৯৪৩.৬০ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের ১,৫৮৬.২০ কোটি ডলারের তুলনায় ৩৪৭.৪০ কোটি ডলার বেশি।

দেশের ইতিহাসে সর্বোচ্চ রেমিট্যান্সের রেকর্ড রয়েছে ৩২৯ কোটি ডলার, যা ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে ঈদকেন্দ্রিক সময়ে এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড ছিল গত বছরের মে মাসে ২৯৭ কোটি ডলার।

তবে সদ্য শেষ হওয়া ডিসেম্বর মাসের রেমিট্যান্স এসে ভাঙিয়ে দিয়েছে দ্বিতীয় সর্বোচ্চ রেকর্ড, মোট ৩২২.৬৭ কোটি ডলার বা প্রায় ৩৯,৩৬৫ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের মাসভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, চলতি অর্থবছরের রেমিট্যান্সের ধারাবাহিকতা এই রকম ছিল— জুলাই: ২৪৭.৭৮ কোটি ডলার, আগস্ট: ২৪২.১৯ কোটি ডলার, সেপ্টেম্বর: ২৬৮.৫৮ কোটি ডলার, অক্টোবর: ২৫৬.৩৫ কোটি ডলার, নভেম্বর: ২৮৮.৯৫ কোটি ডলার এবং ডিসেম্বর: ৩২২.৬৬ কোটি ডলার।

এদিকে, ২০২৪–২৫ অর্থবছরের মার্চ মাসে সর্বোচ্চ ৩২৯ কোটি ডলার রেমিট্যান্স আসার রেকর্ডের সঙ্গে তুলনা করলে দেখা যায়, চলতি অর্থবছরে প্রবাসী আয় ধারাবাহিকভাবে বাড়ছে। পুরো অর্থবছরে মোট রেমিট্যান্স দাঁড়িয়েছে ৩০.৩৩ বিলিয়ন ডলার, যা আগের বছরের তুলনায় ২৬.৮ শতাংশ বেশি।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement