যেসব কারণে সারা বিশ্বে বাড়ছে সোনার মূল্য

যেসব কারণে সারা বিশ্বে বাড়ছে সোনার মূল্য ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১৮:১১, ৩০ জানুয়ারি ২০২৬

চলতি বছরে আন্তর্জাতিক বাজারে সোনার দাম রেকর্ড উচ্চতায় উঠে গেছে। চলতি সপ্তাহে স্পট গোল্ডের মূল্য আউন্সপ্রতি ৫ হাজার ৫০০ ডলারের সীমা অতিক্রম করেছে, যার সরাসরি প্রভাব পড়েছে বাংলাদেশের বাজারেও।

স্থানীয় বাজারে বর্তমানে ২২ ক্যারাটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ২ লাখ ৭১ হাজার টাকার বেশি। ফলে সাধারণ সঞ্চয়কারী থেকে শুরু করে বড় বিনিয়োগকারীরাও ক্রমেই স্বর্ণের দিকে ঝুঁকছেন। বিশ্লেষকদের মতে, সোনার দামের এই ঊর্ধ্বগতির পেছনে মূলত চারটি বড় কারণ কাজ করছে।

প্রথম কারণ হিসেবে উঠে আসছে বৈশ্বিক অর্থনীতির অনিশ্চয়তা। বিশ্বজুড়ে ভূরাজনৈতিক উত্তেজনা, বাণিজ্যযুদ্ধ, নতুন শুল্ক আর আন্তর্জাতিক সম্পর্কের টানাপোড়েন বিনিয়োগকারীদের ঝুঁকিপূর্ণ খাত থেকে সরিয়ে নিরাপদ সম্পদের দিকে ঠেলে দিচ্ছে। ঐতিহাসিকভাবে সোনা সবসময়ই এমন অনিশ্চিত সময়ে ‘নিরাপদ আশ্রয়’ হিসেবে বিবেচিত হয়ে আসছে।

দ্বিতীয়ত, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক—বিশেষ করে চীন ও ভারত—ডলারের ওপর নির্ভরতা কমাতে বৈদেশিক মুদ্রার রিজার্ভে সোনার পরিমাণ বাড়াচ্ছে। এর মাধ্যমে তারা ডলারের অস্থিরতা থেকে নিজেদের অর্থনীতিকে সুরক্ষিত রাখতে চাইছে, যা বৈশ্বিক বাজারে সোনার চাহিদা বাড়িয়ে দিচ্ছে।

তৃতীয় গুরুত্বপূর্ণ কারণ হলো মার্কিন ডলারের দুর্বলতা। গত চার বছরের মধ্যে ডলারের মান বর্তমানে সবচেয়ে নিচের দিকে রয়েছে। যেহেতু আন্তর্জাতিক বাজারে সোনার দাম ডলারে নির্ধারিত হয়, তাই ডলারের মান কমে গেলে অন্যান্য মুদ্রায় সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে যায়। এতে বিশ্বব্যাপী চাহিদা বাড়ে এবং স্বর্ণের দাম আরও ঊর্ধ্বমুখী হয়।

চতুর্থ কারণ হিসেবে রয়েছে সুদের হার। মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার অপরিবর্তিত রাখায় ব্যাংকে আমানত রেখে প্রত্যাশিত মুনাফা কমে গেছে। এর ফলে অনেক বিনিয়োগকারী সুদ না পেলেও দীর্ঘমেয়াদে লাভজনক সম্পদ হিসেবে সোনাকেই বেছে নিচ্ছেন।

বিশেষজ্ঞদের ধারণা, ২০২৬ সালের বাকি সময়জুড়েও সোনার দামে ঊর্ধ্বগতি অব্যাহত থাকতে পারে। গোল্ডম্যান স্যাক্সসহ শীর্ষস্থানীয় আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠানগুলো পূর্বাভাস দিয়েছে, বছরের শেষ নাগাদ আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্সপ্রতি প্রায় ৬ হাজার ডলারের কাছাকাছি পৌঁছাতে পারে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement