‘নতুন কুঁড়ি ২০২৬’: আবেদন শুরু ১ অক্টোবর
Published : ১৭:১৯, ৩০ সেপ্টেম্বর ২০২৬
শিশু-কিশোরদের প্রতিভা অন্বেষণের জনপ্রিয় আয়োজন ‘নতুন কুঁড়ি’ আবারও ফিরছে বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) পর্দায়। ‘নতুন কুঁড়ি ২০২৬’ প্রতিযোগিতায় অংশ নিতে আগামী ১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত আবেদন করা যাবে।
মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) বিটিভির ফেসবুক পেজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে থাকা শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা খুঁজে বের করা এবং তাদের সাংস্কৃতিক চর্চায় উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। প্রাথমিকভাবে দেশের বিভিন্ন অঞ্চলে প্রতিযোগীদের বাছাই করা হবে। এরপর বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতা শেষে ঢাকায় অনুষ্ঠিত হবে চূড়ান্ত পর্ব ও ফাইনাল প্রতিযোগিতা।
‘নতুন কুঁড়ি ২০২৬’-এ একাধিক বিষয়ে অংশ নেওয়ার সুযোগ থাকছে। এর মধ্যে রয়েছে অভিনয়, আবৃত্তি, গল্প বলা ও কৌতুক, সাধারণ ও উচ্চাঙ্গ নৃত্য, দেশাত্মবোধক ও আধুনিক গান, রবীন্দ্রসংগীত, নজরুলসংগীত, লোকসংগীত এবং হামদ-নাত।
বয়সের ভিত্তিতে প্রতিযোগীদের দুটি শাখায় ভাগ করা হয়েছে। ‘ক’ শাখায় ৬ বছর থেকে ১১ বছরের কম বয়সীরা এবং ‘খ’ শাখায় ১১ থেকে ১৫ বছর বয়সীরা অংশ নিতে পারবে।
এ ছাড়া ক্বিরাতের জন্য থাকছে আলাদা বয়সভিত্তিক শর্ত। এই বিভাগে ১২ থেকে ১৭ বছর বয়সীরা প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।
১৯৭৬ সালে বিটিভিতে যাত্রা শুরু করে ‘নতুন কুঁড়ি’। দীর্ঘ সময় ধরে আয়োজনটি দেশের শিশু-কিশোরদের সাংস্কৃতিক প্রতিভা বিকাশের অন্যতম পরিচিত প্ল্যাটফর্ম হিসেবে পরিচিত। এই প্রতিযোগিতার মাধ্যমে গান, অভিনয়, নৃত্য ও আবৃত্তিসহ বিভিন্ন ক্ষেত্রে অনেক শিল্পী পরিচিতি পেয়েছেন।
































