কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে নতুন অধ্যায়ে মিথিলা
Published : ১৯:০২, ২৪ নভেম্বর ২০২৬
অভিনয়ের পাশাপাশি উন্নয়নকর্মী হিসেবেও পরিচিত বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা পেশাগত জীবনে নতুন অধ্যায় শুরু করেছেন। আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ব্র্যাকের সঙ্গে প্রায় দুই দশকের কর্মজীবন শেষে তিনি যোগ দিয়েছেন যুক্তরাষ্ট্রের খ্যাতনামা কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে। নতুন কর্মস্থলের ব্যস্ততার মধ্যেও বিশ্ববিদ্যালয়ের পরিবেশ উপভোগ করছেন তিনি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে কাটানো কয়েকটি মুহূর্তের ছবি ও ভিডিও শেয়ার করেছেন মিথিলা। প্রকাশিত একটি ভিডিওতে তাঁকে হাসিখুশি মেজাজে কর্মস্থলের পথে যেতে দেখা যায়। ভিডিওটির ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কর্মস্থলে যাওয়ার পথে’।
এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত ব্রোঞ্জের নারী ভাস্কর্য ‘আলমা মেটার’-এর সামনেও ছবি তুলেছেন এই অভিনেত্রী। ভাস্কর্যটির ভঙ্গির সঙ্গে মিল রেখে দাঁড়িয়ে ক্যামেরাবন্দি হন তিনি। ছবিগুলোতে নতুন কর্মজীবনের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্যবাহী পরিবেশের সঙ্গে তাঁর পরিচিত হওয়ার মুহূর্তও উঠে এসেছে।
জানা গেছে, কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ের ‘আর্ভিং ইনস্টিটিউট ফর ক্লিনিক্যাল অ্যান্ড ট্রান্সলেশনাল রিসার্চ’-এ অ্যাসোসিয়েট রিসার্চ সায়েন্টিস্ট হিসেবে যোগ দিয়েছেন মিথিলা।
নিউইয়র্কে অবস্থিত ‘আর্লি চাইল্ডহুড অ্যান্ড ফ্যামিলি হাব’ প্রকল্পের নকশা প্রণয়ন ও মূল্যায়নের দায়িত্বে নেতৃত্ব দেবেন তিনি।
অভিনয়ের পাশাপাশি উন্নয়ন ও গবেষণার কাজেও দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে মিথিলার। নতুন এই দায়িত্বের মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের অন্যতম স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে তাঁর পেশাগত জীবনে যুক্ত হলো আরেকটি গুরুত্বপূর্ণ অধ্যায়।

































