পর্যটন ভিসার অপব্যবহার করে মালয়েশিয়ায় অবৈধভাবে কাজ করা বিদেশিদের জন্য কঠোর বার্তা দিয়েছে দেশটির সরকার।
মালয়েশিয়ার সরকারি হিসাব অনুযায়ী, এ ধরনের ভিসা অনিয়মে জড়িত বিদেশি নাগরিকের সংখ্যা ৫৪ হাজারের বেশি, যাদের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশিও রয়েছেন।
এই পরিস্থিতিতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার ঘোষণা দিয়েছেন। শুক্রবার (৩০ জানুয়ারি) মন্ত্রিসভার বৈঠক শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান দেশটির সরকারী মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল।
তিনি জানান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত মোট ৫৪ হাজার ৭৯১ জন বিদেশি নাগরিক ভিসা সংক্রান্ত আইন লঙ্ঘন করেছেন। এর মধ্যে ২০২৫ সালজুড়ে দেশব্যাপী পরিচালিত অভিযানে ৫১ হাজার ১০০ জনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। পাশাপাশি ২০২৬ সালের জানুয়ারি পর্যন্ত আরও ৩ হাজার ৬৯১ জনকে আইনের আওতায় আনা হয়েছে।
ফাহমি ফাজিল আরও বলেন, প্রধানমন্ত্রী স্পষ্ট নির্দেশ দিয়েছেন যেসব বিদেশি পর্যটন বা সামাজিক ভিসায় মালয়েশিয়ায় প্রবেশ করে পরে অবৈধভাবে কাজে জড়িয়ে পড়ছেন, তাদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।
ভিসা প্রক্রিয়া সহজ হওয়ার সুযোগ নিয়ে যারা আইন ভাঙছেন, তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নিতে আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
মালয়েশিয়া সরকার বলছে, অনেক বিদেশি পর্যটন ভিসায় দেশে প্রবেশ করে গোপনে চাকরি করছেন, যা দেশটির অভিবাসন আইনের সরাসরি লঙ্ঘন। এ ধরনের অনিয়ম রোধে ভবিষ্যতেও নিয়মিত অভিযান চালানো হবে এবং ভিসার অপব্যবহারকারীদের বিরুদ্ধে নজরদারি আরও জোরদার করা হবে।
































