ইন্দোনেশিয়ায় মদ খেয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোয় শরিয়াহ আইনে কঠোর পরিণতি তরুণীর

ইন্দোনেশিয়ায় মদ খেয়ে অনৈতিক সম্পর্কে জড়ানোয় শরিয়াহ আইনে কঠোর পরিণতি তরুণীর ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০০, ৩১ জানুয়ারি ২০২৬

মদ্যপান এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্ক স্থাপনের অভিযোগে ইন্দোনেশিয়ায় এক যুগলকে শরিয়াহ আইন অনুযায়ী প্রকাশ্যে কঠোর শাস্তি দেওয়া হয়েছে।

দেশটির নীতিপুলিশ জনসমক্ষে ওই যুগলের ওপর মোট ১৪০টি বেত্রাঘাত কার্যকর করে। একের পর এক বেতের আঘাত সহ্য করতে না পেরে এক পর্যায়ে ওই যুগলের তরুণী অজ্ঞান হয়ে পড়েন। পরে তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।

স্থানীয় সূত্র জানায়, ওই তরুণীর বয়স মাত্র ২১ বছর। শুক্রবার (৩০ জানুয়ারি) ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে এই ঘটনা ঘটে, যা দেশটিতে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

প্রশাসন ও স্থানীয় সূত্রের বরাতে জানা গেছে, ইন্দোনেশিয়ার ইতিহাসে এর আগে একসঙ্গে কারো ওপর এত বেশি সংখ্যক বেত্রাঘাতের ঘটনা ঘটেনি। ফলে ঘটনাটি নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

জনসংখ্যার দিক থেকে বিশ্বের বৃহত্তম মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় মোট ৩৮টি প্রদেশ রয়েছে। এর মধ্যে একমাত্র আচেহ প্রদেশেই সাধারণ রাষ্ট্রীয় আইনের পাশাপাশি কঠোর শরিয়াহ আইন ও শরিয়াভিত্তিক বিচারব্যবস্থা কার্যকর রয়েছে। এই শরিয়া আইনে মদ্যপানের অপরাধে সর্বোচ্চ ৪০টি এবং বিবাহবহির্ভূত যৌন সম্পর্কের জন্য শাস্তি হিসেবে ১০০টি বেত্রাঘাতের বিধান রয়েছে।

যেহেতু ওই যুগলের বিরুদ্ধে একসঙ্গে এই দুই অপরাধের অভিযোগ প্রমাণিত হয়েছে, তাই আদালতের নির্দেশ অনুযায়ী উভয় অপরাধের শাস্তি একত্রে প্রয়োগ করা হয়। ফলে তাদের প্রত্যেককে মোট ১৪০টি করে বেত্রাঘাত করা হয়।

বিবিসির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শুক্রবার ওই যুগলসহ মোট চারজনের বিরুদ্ধে শরিয়া আদালতের দেওয়া রায় কার্যকর করা হয়। জনসম্মুখে একটি মঞ্চে দাঁড়িয়ে শাস্তি কার্যকর করেন তিনজন নারী পুলিশ সদস্য।

প্রত্যক্ষদর্শীদের মতে, একের পর এক বেতের আঘাতে শুরুতে ওই তরুণী কান্নায় ভেঙে পড়েন এবং কিছুক্ষণ পরই মঞ্চের ওপর লুটিয়ে পড়েন। এরপর তাকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, আচেহ প্রদেশে এর আগেও প্রকাশ্যে বেত্রাঘাতের ফলে গুরুতর অসুস্থ হয়ে পড়ার একাধিক ঘটনা ঘটেছে, যা আন্তর্জাতিক মহলে মানবাধিকার সংক্রান্ত উদ্বেগের বিষয় হিসেবে আলোচিত হয়ে আসছে।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement