বিশ্বজুড়ে আমদানি শুল্ক বাড়ালেন ট্রাম্প

বিশ্বজুড়ে আমদানি শুল্ক বাড়ালেন ট্রাম্প ছবি: সংগৃহীত

বিজনেস ডেইলি ডেস্ক

Published : ১২:০৬, ২২ ফেব্রুয়ারি ২০২৬

যুক্তরাষ্ট্র–এর সুপ্রিম কোর্টের রায় উপেক্ষা করে আমদানি পণ্যের ওপর আরোপিত ১০ শতাংশ শুল্ক বাড়িয়ে ১৫ শতাংশ করার ঘোষণা দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

শনিবার (২১ ফেব্রুয়ারি) নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন। বিষয়টি নিয়ে খবর প্রকাশ করেছে দ্য গার্ডিয়ান।

যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ আদালত ট্রাম্পের শুল্কনীতি বাতিল করার মাত্র একদিন পরই ট্রাম্প প্রশাসন নতুন করে এ পদক্ষেপ নেয়। এর আগে প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছিলেন, আদালত যে শুল্ক বাতিল করেছে তার পরিবর্তে যুক্তরাষ্ট্রে আমদানি হওয়া সব পণ্যের ওপর ১০ শতাংশ হারে নতুন শুল্ক আরোপ করা হবে।

তবে শনিবার ট্রুথ সোশ্যালে দেওয়া নতুন পোস্টে তিনি ঘোষণা দেন, সেই হার বাড়িয়ে ১৫ শতাংশ করা হচ্ছে। পোস্টে ট্রাম্প লেখেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে তিনি ঘোষণা দিচ্ছেন যে, আজ থেকেই বিশ্বের সব দেশের ওপর আরোপিত ১০ শতাংশ আমদানি শুল্ক বৃদ্ধি করে ১৫ শতাংশ করা হলো। তার দাবি, বহু দেশ বছরের পর বছর যুক্তরাষ্ট্রকে বাণিজ্যে ঠকিয়েছে এবং এর যথাযথ বিচার হয়নি। এখন থেকে আইন মেনেই এই অতিরিক্ত শুল্ক কার্যকর করা হবে।

যুক্তরাষ্ট্রের বিদ্যমান আইন অনুযায়ী, এই ১৫ শতাংশ শুল্ক আগামী ১৫০ দিন কার্যকর থাকবে। তবে ট্রাম্প জানিয়েছেন, এ শুল্ক স্থায়ী ও আইনি ভিত্তি দিতে তার প্রশাসন কাজ করবে।

উল্লেখ্য, গত বছর জরুরি অর্থনৈতিক ক্ষমতা আইন (আইইইপিএ)–এর অধীনে ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের ওপর পারস্পরিক শুল্ক আরোপ করেন। এর ফলে যুক্তরাষ্ট্রে আমদানি পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়।

মার্কিন সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ ছিল, শুল্ক আরোপের ক্ষেত্রে ট্রাম্প তার নির্বাহী ক্ষমতার সীমা অতিক্রম করেছেন এবং এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন ছিল।

এ প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রে পণ্য আমদানির ক্ষেত্রে একতরফাভাবে আরোপ করা জরুরি শুল্ককে শনিবার (২১ ফেব্রুয়ারি) অবৈধ ঘোষণা করে সুপ্রিম কোর্ট। কিন্তু সেই রায়ের কয়েক ঘণ্টার মধ্যেই ট্রাম্প আবারও বাংলাদেশসহ বিশ্বের সব দেশের পণ্যের ওপর ১০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন এবং অল্প সময়ের ব্যবধানে তা বাড়িয়ে ১৫ শতাংশে উন্নীত করেন।

বিডি/এএন

শেয়ার করুনঃ
Advertisement