নেপালের ধাদিং জেলার গাজুরি এলাকায় রোববার (২২ ফেব্রুয়ারি) গভীর রাতে একটি যাত্রীবাহী বাস ত্রিশুলি নদীতে উল্টে পড়ে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। ভয়াবহ এ দুর্ঘটনায় আরও ২৮ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
নেপালের আধাসামরিক বাহিনী এএফপি - এর মুখপাত্র বিষ্ণু প্রসাদ ভাট্টা জানান, ৪৬ জন যাত্রী নিয়ে বাসটি পোখরা থেকে রাজধানী কাঠমান্ডুর উদ্দেশে রওনা হয়েছিল। পথে পৃথ্বী হাইওয়ের ধাদিং অংশে স্থানীয় সময় রাত আনুমানিক ১টা ৩০ মিনিটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
দুর্ঘটনার পরপরই নেপাল সেনাবাহিনী, আর্মড পুলিশ ফোর্স ও নিয়মিত পুলিশ সদস্যরা যৌথভাবে উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ১৮ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজন নিউজিল্যান্ডের নাগরিক রয়েছেন বলে জানা গেছে। আহতদের মধ্যে জাপান ও নেদারল্যান্ডসের দুই নারীও আছেন। আহতদের নিকটবর্তী বিভিন্ন হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, বাসটির অতিরিক্ত গতি দুর্ঘটনার সম্ভাব্য কারণ হতে পারে। তবে প্রকৃত কারণ নির্ধারণে তদন্ত অব্যাহত রয়েছে এবং এখনো চূড়ান্তভাবে কিছু নিশ্চিত করা হয়নি।
সূত্র: এএফপি


































